প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন জাপানি রাষ্ট্রদূত শিনিচি সাইদা। বৈঠকে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাঁর সুবিধাজনক সময়ে জাপান সফরের প্রস্তাব দেন। মূলত দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতেই এই আমন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকের একটি বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশের জনশক্তি খাতের উন্নয়ন। ‘এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (ESDP)-এর আওতায় জাপানে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে জাপানি ভাষা শিক্ষা এবং কর্মীদের কারিগরি দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত। এ সময় পররাষ্ট্রমন্ত্রী জাপানি নিয়োগকর্তাদের সাথে বাংলাদেশি কর্মীদের সরাসরি যোগাযোগের সুবিধার্থে একটি ‘ডিজিটাল ম্যাচমেকিং প্ল্যাটফর্ম’ তৈরির প্রস্তাব দেন। এর ফলে দক্ষ কর্মীরা সহজেই জাপানের শ্রমবাজারে যুক্ত হতে পারবেন।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় এবং মেট্রোরেল প্রকল্পের চলমান সহযোগিতা নিয়েও আলোচনা হয়। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ ও জাপান কীভাবে একে অপরকে সমর্থন দিতে পারে, সে বিষয়েও দুই প্রতিনিধি মতবিনিময় করেন।
এর আগে জাপানের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠককালে প্রতিমন্ত্রী বাংলাদেশ ও জাপানের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করেন। বিশেষ করে রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের দীর্ঘমেয়াদী সমর্থনের প্রশংসা করেন তিনি এবং আগামী দিনে এই সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।























