ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ চলাকালে ইরানের প্রতি সহমর্মিতা প্রদর্শনের অভিযোগে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ বাহরাইন। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা দ্য বাহরাইন নিউজ এজেন্সি।
বাহরাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, “ইরানের শত্রুতাপূর্ণ এবং অপরাধী কার্যক্রমের প্রতি সহানুভূতি প্রকাশ ও প্রশংসা করার দায়ে এই ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছেন বাহরাইনের হাই ক্রিমিনাল কোর্ট।”
এই ৬৯ জনের মধ্যে এমন কয়েকজন আছেন, যারা একই পরিবারের সদস্য।
ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে প্রায় দু’যুগ ধরে দ্বন্দ্ব চলছে যুক্তরাষ্ট্রের। এ ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেনেভায় কয়েক দফা বৈঠকের পরও কোনো মীমাংসা হয়নি। তারপর ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরা এবং ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ও সেনাস্থাপনাগুলো লক্ষ্য করে মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের প্রতিরক্ষা বাহিনী। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন ঘাঁটিগুলোর পাশাপাশি এই ৬ দেশের বেশ কিছু সরকারি-বেসরকারি ও জ্বালানি অবকাঠামোগত বিভিন্ন স্থাপনার গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে, কয়েক জন নাগরিক নিহতও হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কুয়েত এবং বাহরাইন।
গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে। যুদ্ধ চলাকালে ইরানের প্রতি সহানুভূতি প্রদর্শন ও ইরানের পক্ষে সমর্থন জানানোর অভিযোগে গত মার্চে বেশ কয়েক জনকে গ্রেপ্তার করেছিল বাহরাইন। দেশটির হাই ক্রিমিনাল কোর্টে সে সময়েই শুরু হয়েছিল বিচার। সেই বিচারেরই রায় ঘোষণা করা হয়েছে গতকাল সোমবার।


























