ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই চমক দেখিয়েছেন জনপ্রিয় অভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি ভক্তদের কাছে ‘থালাপতি বিজয়’ নামে পরিচিত। তার নবগঠিত রাজনৈতিক দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) রাজ্যের বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। বিজয়ের এই অভাবনীয় জয়ে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের সতীর্থরা তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করছেন।
বিজয়ের এই রাজনৈতিক উত্থানে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, জনগণের আস্থা অর্জন করে বিজয় ও তার দলের এই জয় সত্যিই প্রশংসনীয়।
তরুণ অভিনেতা ধানুশ বিজয়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, প্রথম নির্বাচনেই জনগণের ভালোবাসা জয় করে সরকার গঠনের পথে এগিয়ে যাওয়া এক বিশাল অর্জন। অন্যদিকে, তেলেগু মেগাস্টার রাম চরন মনে করেন, বিজয়ের বলিষ্ঠ নেতৃত্ব এবং সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সংযোগই এই সাফল্যের মূল চালিকাশক্তি।
জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বিজয়ের এই নতুন রাজনৈতিক যাত্রা দেখে তিনি অত্যন্ত আনন্দিত। এছাড়া প্রবীণ অভিনেতা ও রাজনীতিবীদ কমল হাসানও অভিনন্দন বার্তায় উল্লেখ করেছেন যে, জনগণের আস্থা অর্জন করা এই জয় তামিলনাড়ুর রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এনডিটিভির তথ্য অনুযায়ী, তামিলনাড়ু বিধানসভার ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল টিভিকে ১০৭টি আসনে এগিয়ে থেকে রাজ্যের একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার (১১৮ আসন) থেকে তারা সামান্য পিছিয়ে রয়েছে, তবুও প্রথম দফার এই ফলাফলকে এক বিশাল রাজনৈতিক উত্থান হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
দীর্ঘ তিন দশকের বর্ণাঢ্য চলচ্চিত্র ক্যারিয়ারকে বিদায় জানিয়ে রাজনীতিতে নাম লেখানো বিজয়ের জন্য এই ফলাফল একটি ঐতিহাসিক মাইলফলক। বিশ্লেষকদের মতে, বিজয়ের এই জয় তামিলনাড়ুর চিরাচরিত রাজনৈতিক সমীকরণে আমূল পরিবর্তন আনতে পারে। তার এই সাফল্য শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, দক্ষিণ ভারতীয় সিনেমা জগতেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।























