দেশে শিশুদের মাঝে হামজনিত নিউমোনিয়ার প্রকোপ হঠাৎ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এই জরুরি পরিস্থিতি দক্ষতার সাথে মোকাবেলা করতে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে থাকা দেশের সকল চিকিৎসা প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত একটি সরকারি অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
জরুরি এই আদেশে উল্লেখ করা হয়েছে, বর্তমান আপদকালীন সময়ে রোগীদের কোনো বিঘ্ন ছাড়াই নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাম রোগ প্রতিরোধে চলমান টিকাদান কার্যক্রমকে আরও গতিশীল ও জোরদার করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে অধিদপ্তরের আওতাধীন সব কর্মকর্তা-কর্মচারীর অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল থাকবে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জারি করা এই বিশেষ নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।


















