আর মাত্র দুই দিন পরেই পর্দা উঠছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের। বাংলাদেশে এই মেগা ইভেন্ট সম্প্রচার নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা অবশেষে কেটে গেছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সময় টিভি’ এবং ‘টি স্পোর্টস’ আগেই খেলা দেখানোর ঘোষণা দিলেও, এবার সরকারের পক্ষ থেকেও সুখবর এসেছে। সরকারি টেলিভিশন চ্যানেল ‘বাংলাদেশ টেলিভিশন’ (বিটিভি) অন্য কিছু অংশীদারকে সাথে নিয়ে এবারের বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে।
আজ সকালে ক্রীড়া সাংবাদিকদের সাথে তথ্য মন্ত্রণালয়ের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই তথ্য নিশ্চিত করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, এবার বিশ্বকাপ সম্প্রচারে সরকারের কোনো তহবিল বা পাবলিক মানি খরচ হচ্ছে না। তথ্যমন্ত্রী তার বার্তায় উল্লেখ করেন:
“আমাদের নেতা তারেক রহমানের বিজ্ঞ নির্দেশনায় আমরা এই সফলতা অর্জন করেছি। আশা করি কোনো পাবলিক মানি খরচ না করেই আমরা বিশ্বকাপের সকল খেলা সম্প্রচার করতে পারবো।”
উল্লেখ্য, গত ২০২২ সালের কাতার বিশ্বকাপের স্বত্ব কিনতে বিটিভির প্রায় ৯৮ কোটি টাকা ব্যয় হয়েছিল। তবে এবার বিপুল অঙ্কের সেই খরচ ছাড়াই বিটিভি খেলা দেখানোর ব্যবস্থা করায় রাষ্ট্রীয় কোষাগারের বড় সাশ্রয় হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তথ্যমন্ত্রী অত্যন্ত আনন্দের সাথে দেশবাসীকে এই খবর জানিয়ে বলেন, খুব শিগগিরই তথ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দেশের সব গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। একই সাথে এই প্রক্রিয়ার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল গণমাধ্যম এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
বর্তমানে তথ্যমন্ত্রী চীন সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে অবস্থান করছেন। ফলে সম্প্রচার সংক্রান্ত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনটি করতে কিছুটা বিলম্ব হচ্ছে। তিনি দেশে ফিরে আসার পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়ে আরও বিস্তারিত রূপরেখা জানা যাবে বলে আশা করা হচ্ছে।


























