সাভারের একটি খোলা মাঠে কালো টেপ প্যাঁচানো বোমাসদৃশ একটি প্রেসার কুকারের সন্ধান পেয়েছেন স্থানীয়রা। আজ বুধবার সকালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের অন্তর্গত সাধাপুর গোপের বাড়ী লালটেক ঘোড়া মসজিদের মাঠে বস্তুটি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো মাঠ ঘিরে রাখে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতরে কাপড়চোপড় ও কোরআন শরীফের সঙ্গে প্রেসার কুকারটি পাওয়া যায়। এছাড়া অজ্ঞাত তিন ব্যক্তি রাতের বেলা ড্রামটি মসজিদের মাঠে রেখে যায় বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরদিন সকালে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসে।
পুলিশের বক্তব্য
ভবানীপুর ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন। পাশাপাশি বোমা ডিসপোজাল ইউনিটকেও খবর দেওয়া হয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সকালেই তিনি এ বিষয়ে অবগত হয়েছেন এবং ঘটনাস্থলে থানা পুলিশ মোতায়েন রয়েছে। তার ধারণা অনুযায়ী, জনমনে আতঙ্ক ছড়াতেই দুষ্কৃতিকারীরা এ কাজ করেছে। তিনি আরও জানান, ঘটনার তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
অতীতেও ঘটেছে অনুরূপ ঘটনা
উল্লেখ্য, এর আগে গত ৩১ জুলাই সাভারের পার্শ্ববর্তী আশুলিয়ায় একটি মুদি দোকানের সামনের বেঞ্চে ফেলে রাখা ব্যাগের ভেতরে একই ধরনের বোমাসদৃশ প্রেশার কুকার পাওয়া গিয়েছিল। তখন ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে সেটি নিষ্ক্রিয় করে।
























