ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরুর সম্ভাবনা আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২ মে) ফ্লোরিডার পশ্চিম পাম বিচে সাংবাদিকদের সঙ্গে এমন কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেন, “যদি তারা অসদাচরণ করে, যদি তারা খারাপ কিছু করে, কিন্তু এ মুহূর্তে আমরা দেখব। কিন্তু সম্ভাবনা আছে এটি (হামলা) হতে পারে।”
সাংবাদিকদের সঙ্গে মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। এতে তিনি জানিয়েছেন, ইরানিদের ১৪ দফার নতুন প্রস্তাব পর্যালোচনা করছেন তিনি। কিন্তু এ প্রস্তাব থেকে ইতিবাচক কিছু হবে বলে সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “গত ৪৭ বছর ধরে ইরান মানবতা এবং বিশ্বের ওপর যে আঘাত হেনেছে, তার বিপরীতে তারা এখনও পর্যাপ্ত মূল্য পরিশোধ করেনি। এই অবস্থায় (তাদের প্রতি নমনীয়তা) কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে বলে আমি মনে করি না।”
গত বৃহস্পতিবার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পৌঁছে দেয় ইরান। এর পরদিন শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি এ প্রস্তাবে সন্তুষ্ট নন।
গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর যৌথ হামলা চালায়। এরপর টানা ৪০ দিন যুদ্ধ চলে। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। দুই সপ্তাহ পর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য এটির মেয়াদ বৃদ্ধি করেন।
















