২০২৭ সালের হজে সৌদি আরবের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রী নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী ২২ নভেম্বরের মধ্যে এ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রী কোটা বৃদ্ধি করেছে। বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রী নিবন্ধন ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ২২ নভেম্বর পর্যন্ত।
সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

























