ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজস্থানে একটি তেল শোধনাগার উদ্বোধনের নির্ধারিত সময়ের মাত্র ২৪ ঘণ্টা আগে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার বিশাল মেঘ ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
দেশটির তেল মন্ত্রণালয় জানিয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে, পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজস্থানের বালোত্রার পাচপদ্রায় অবস্থিত এই শোধনাগারটি ভারতের প্রথম গ্রিনফিল্ড সমন্বিত রিফাইনারিসহ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। এটি হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (এইচপিসিএল) ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে নির্মিত।
প্রকল্পটি বাস্তবায়িত হলে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় জ্বালানি উৎপাদন বাড়াতে এবং ভারতের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর সোনিয়া গান্ধী প্রথমবারের মতো এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, তখন রাজ্যে অশোক গেহলতের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিল। সে সময় প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৩৭,২৩০ কোটি রুপি। পরে সরকার পরিবর্তনের পর ২০১৮ সালের ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী মোদি প্রকল্পটির পুনরায় উদ্বোধন করেন এবং ব্যয় সংশোধন করে ৪৩,১২৯ কোটি রুপি নির্ধারণ করা হয়।
জ্বালানি উৎপাদনের পাশাপাশি এই শোধনাগার থেকে উল্লেখযোগ্য পরিমাণ ডাউনস্ট্রিম পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদনের সম্ভাবনাও রয়েছে।






















