কন্নড় অভিনেতা ও প্রযোজক দিলীপ রাজ মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক ও ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, কয়েক দিন আগেই একটি সফরে গোয়া গিয়েছিলেন দিলীপ।
সেখানে থাকাকালীনই প্রথম শারীরিক অস্বস্তি অনুভব করেন তিনি। বিশেষ করে বুকে ব্যথার সমস্যা শুরু হওয়ায় তিনি বিষয়টি নিয়ে সচেতন ছিলেন। এমনকি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে অ্যাপয়েন্টমেন্টও নিয়েছিলেন।
বুধবার রাতে হঠাৎ বুকে তীব্র যন্ত্রণা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত বেঙ্গালুরুর কুমারস্বামী লেআউট এলাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। দিলীপ রাজ কেবল একজন তুখোড় অভিনেতাই ছিলেন না, বরং কন্নড় বিনোদন অঙ্গনের এক নিবেদিতপ্রাণ বহুমুখী প্রতিভা ছিলেন।
তার ক্যারিয়ার শুরু হয়েছিল থিয়েটার বা মঞ্চনাটকের হাত ধরে। মঞ্চের সেই পোড়খাওয়া অভিজ্ঞতাকে পুঁজি করেই তিনি নাম লেখান ছোট পর্দায়। একাধিক জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে তিনি সাধারণ দর্শকের কাছে অত্যন্ত আপন হয়ে উঠেছিলেন। ২০০৫ সালে ‘বয়ফ্রেন্ড’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় নায়ক হিসেবে অভিষেক ঘটে দিলীপের।
তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় সুপারহিট সিনেমা ‘মিলানা’। এ ছাড়া ‘ইউ টার্ন’, ‘লাভ গুরু’ এবং ‘অর্কেস্ট্রা মাইসুরু’-র মতো প্রশংসিত সিনেমায় তার অভিনয় দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি একজন সফল প্রযোজক হিসেবেও তার বেশ সুনাম ছিল। ইন্ডাস্ট্রির ভেতরে তিনি একজন শান্ত ও পেশাদার মানুষ হিসেবে সমাদৃত ছিলেন।























