দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি ভয়াবহ ভূকম্পনের রেশ কাটতে না কাটতেই এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান।
জাপান টুডের প্রতিবেদন অনযায়ী, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ছিল ৬.৯।
তবে শক্তিশালী এই কম্পনের পরও এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
জাপানের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে ঘটনাটি ঘটার পরপরই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি দুর্যোগ মোকাবিলার জন্য প্রশাসনকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি সরকারকে ‘ক্ষয়ক্ষতির পরিমাণ জরুরি ভিত্তিতে মূল্যায়ন’ করার জন্য নির্দেশ জারি করেছেন।
এদিকে জাপানের মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা এক বিবৃতিতে সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেছেন, ‘এই ভূমিকম্প থেকে বড় ধরনের কোনো সুনামির আশঙ্কা নেই।
এই মুহূর্তে কোনো নাগরিক হতাহত হওয়ার খবর আমাদের কাছে আসেনি, তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে আমরা সার্বিক মূল্যায়ন অব্যাহত রাখব।’
জাপানের মতো ভূমিকম্পপ্রবণ দেশে পারমাণবিক কেন্দ্রগুলো নিয়ে বাড়তি উদ্বেগ থাকে। তবে মিনোরু কিহারা স্পষ্ট করেছেন যে, ভূকম্পন কবলিত অঞ্চলের পারমাণবিক স্থাপনাগুলো থেকে কোনো ধরনের অস্বাভাবিকতা বা ত্রুটির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) দেওয়া ভৌগোলিক তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কুজি শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার (বা প্রায় ২১ মাইল) উত্তর-পূর্বে। ভূগর্ভের প্রায় ৫১.৭ কিলোমিটার (বা প্রায় ৩২ মাইল) গভীরে এই কম্পনটি উৎপত্তিলাভ করে, যার ফলে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়।
ভয়াবহ এই ভূমিকম্পের পরপরই নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে দেশটির যোগাযোগ বিভাগ। ‘জেআর ইস্ট’ নামে পরিচিত ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি তাৎক্ষণিকভাবে একটি জরুরি নোটিশ জারি করেছে।
তারা জাপানের মূল দ্বীপের উত্তর প্রান্ত শিন-আওমোরি এবং রাজধানী টোকিওর মধ্যে চলাচলকারী তাদের বিখ্যাত সব বুলেট ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। রেললাইনের কোনো ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।




















