তেলুগু চলচ্চিত্র জগতের পরিচিত নাম সামান্থা রুথ প্রভু এবার গড়লেন নতুন এক রেকর্ড। তার অভিনীত ‘মা ইন্তি বাঙ্গারাম’ পরিণত হয়েছে প্রথম নারীপ্রধান তেলুগু চলচ্চিত্র হিসেবে ১০০ কোটি রুপি আয় করা ছবিতে।
বলিউডেও কাজের অভিজ্ঞতা থাকলেও সামান্থার কর্মজীবনের বড় অংশ জুড়ে রয়েছে তেলুগু চলচ্চিত্র। সেই ইন্ডাস্ট্রিতেই এবার তিনি পেলেন বিশেষ এক স্বীকৃতি।
নিজের এই অর্জনের খবর অভিনেত্রী জানিয়েছেন ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে, সঙ্গে লিখেছেন হৃদয়স্পর্শী একটি বার্তা।
ভিডিওতে দেখা যায়, একাকী বসে থাকা সামান্থার কাছে একটি আইপ্যাড নিয়ে এগিয়ে আসেন তার স্বামী রাজ নিদিমরু। আইপ্যাডটি আনলক করার পরই তার চোখে পড়ে একটি পোস্টার, যাতে লেখা—‘মা ইন্তি বাঙ্গারাম’ বিশ্বব্যাপী প্রবেশ করেছে ১০০ কোটি রুপির ক্লাবে। এই দৃশ্যে অভিনেত্রীর মুখে ফুটে ওঠে খুশির ঝিলিক।
৩৯ বছর বয়সী এই তারকা জানান, ছবি মুক্তির পূর্বে তিনি বেশ দুশ্চিন্তায় ছিলেন। দর্শক ছবিটি নিয়ে কতটা আগ্রহী, প্রচারণার তথ্য তাদের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা—এসব প্রশ্ন তাকে ভাবিয়ে তুলেছিল। তবে শেষ পর্যন্ত দর্শকের ভালোবাসাই তার সব উদ্বেগ দূর করে দেয়।
উপমহাদেশের চলচ্চিত্র জগতে নারীকেন্দ্রিক গল্পের ছবি সাফল্য পাওয়া বেশ কঠিন এক ব্যাপার। সেই প্রেক্ষাপটে এই অর্জনকে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন সামান্থা নিজেও।
এ প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃত পরিবর্তনের জন্য প্রয়োজন ঝুঁকি নেওয়ার সাহস। তার প্রত্যাশা, এই সাফল্য ভবিষ্যতে নারীপ্রধান সিনেমা সম্পর্কে প্রচলিত ধ্যানধারণা বদলাতে সাহায্য করবে, যাতে নায়িকাকেন্দ্রিক গল্পের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলে উত্তরটা হতাশাজনক না হয়ে আশা জাগানিয়া হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, এতদিন তেলুগু ভাষায় নারীপ্রধান ছবির মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিল কীর্তি সুরেশ অভিনীত ‘মহনতি’র দখলে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ছবিটি আয় করেছিল ৮৩ কোটি রুপি। সেই রেকর্ড এবার ছাড়িয়ে গেল সামান্থার নতুন ছবি।



























