ট্রান্সফার উইন্ডোর সময় যত ফুরিয়ে আসছে, স্প্যানিশ ফুটবলের বড় ক্লাবগুলোর ব্যস্ততাও তত বাড়ছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দলবদল এখনো চূড়ান্ত না হওয়ায় শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন আনার দৌড়ে নেমেছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ।
স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক সিরো লোপেসের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে বার্সেলোনার অন্যতম অগ্রাধিকার হলো আলেহান্দ্রো বালদে ও মার্ক কাসাদোর ভবিষ্যৎ নির্ধারণ করা। কাসাদোকে দলে নিতে বুন্দেসলিগার বেশ কয়েকটি ক্লাব আগ্রহ প্রকাশ করেছে। ফলে জার্মানিই তার সম্ভাব্য পরবর্তী ঠিকানা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, বালদের বিষয়টি আরও জটিল অবস্থায় রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড তাকে ধারে নেওয়ার প্রস্তাব দিলেও বার্সেলোনা সেটি প্রত্যাখ্যান করেছে। কাতালান ক্লাবটি এই লেফট-ব্যাকের মূল্য ৪০ মিলিয়ন ইউরো নির্ধারণ করেছে। ফলে দলবদলের শেষ সময়ে বালদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
আতলেতিকো মাদ্রিদের ক্ষেত্রেও শেষ মুহূর্তে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হুলিয়ান আলভারেজকে নিয়ে আর্সেনালের সঙ্গে ১২০ মিলিয়ন ইউরোর একটি চুক্তি এবং পারফরম্যান্সভিত্তিক অতিরিক্ত বোনাসের খবর সামনে এলেও এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি।
বর্তমান পরিস্থিতিতে মেত্রোপোলিতানোতেই আলভারেজের থাকার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে। তবে ট্রান্সফার উইন্ডোর শেষ সময়ে স্থায়ী দলবদল কিংবা পরবর্তী সময়ে কেনার সুযোগ রাখা ধারের চুক্তির মতো কোনো নাটকীয় সমাধানও দেখা যেতে পারে।
এদিকে আতলেতিকোর রক্ষণভাগের খেলোয়াড় হোসে মারিয়া হিমেনেস সেভিয়ায় যোগ দেওয়ার বিষয়ে চুক্তির একেবারে কাছাকাছি পৌঁছে গেছেন বলেও জানা গেছে।
স্পেনে ট্রান্সফার উইন্ডো শেষ হবে ২ সেপ্টেম্বর। ফলে শেষ মুহূর্তের তৎপরতা শুধু বার্সেলোনা ও আতলেতিকোর মধ্যেই সীমাবদ্ধ নেই; রিয়াল মাদ্রিদও পরিস্থিতির দিকে নজর রাখছে। দল গোছানোর কাজ শেষ হয়েছে বলে ইঙ্গিত দেওয়ার পাশাপাশি রাউল আসেন্সিও ও এদুয়ার্দো কামাভিঙ্গার দলে থাকা নিশ্চিত করলেও শেষ সময়ে পরিস্থিতি বদলে যাওয়ার সম্ভাবনা থাকছেই।
সিরো লোপেসের তথ্য অনুযায়ী, উইন্ডো বন্ধ হওয়ার আগমুহূর্ত পর্যন্ত মাঝমাঠ আরও শক্তিশালী করতে নতুন কোনো খেলোয়াড়কে সান্তিয়াগো বার্নাব্যুতে আনার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেয়নি রিয়াল মাদ্রিদ। ফলে ট্রান্সফার উইন্ডোর শেষ কয়েক ঘণ্টায় স্প্যানিশ জায়ান্টদের ঘিরে আরও চমক অপেক্ষা করছে কি না, সেটিই এখন দেখার বিষয়।


























