বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল ও পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার সেনা সদর দপ্তর থেকে জারি করা এক আদেশের মাধ্যমে এই পরিবর্তন কার্যকর করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানকে সেনাবাহিনী সদর দপ্তরের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই সঙ্গে, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। পদোন্নতির পর তাঁকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তাঁকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, ভারতের বাংলাদেশ দূতাবাসে ডিফেন্স অ্যাডভাইজার হিসেবে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নেতৃত্বেও পরিবর্তন আনা হয়েছে। বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হচ্ছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদ। তাঁকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রদবদলের আওতায় ৫৫ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের (ইবিআরসি) কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া, ইবিআরসির কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিমকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।



























