নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকৃত দুই লাখ টাকার বেশি মালামাল উদ্ধারের পাশাপাশি ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি ইসিজি মনিটর, লিফটের যন্ত্রপাতি ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৪ হাজার ২৪০ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও অস্ত্র উদ্ধার এবং ডাকাত-ছিনতাইকারী গ্রেপ্তারে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলামের নির্দেশনায় এসআই মফিজুল ইসলাম, পিপিএমের সমন্বয়ে একটি চৌকস দল মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ছিনতাইয়ের অভিযোগে রিপন (৩৪), মো. রাব্বি (৩০), হৃদয় চন্দ্র দাস (৩০) ও মাসুম (২৯) নামের চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিপন সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারী এলাকার বাসিন্দা। রাব্বির স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার জগতচর এলাকায়। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বসবাস করেন। হৃদয় চন্দ্র দাস ও মাসুম সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাসিন্দা।
অভিযানে দুটি ইসিজি মনিটর, লিফটের যন্ত্রপাতি, একটি বার্মিজ চাকু ও একটি ছোড়া উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের মোট মূল্য ২ লাখ ৪ হাজার ২৪০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা দায়ের করেছেন।
মহাসড়কে ছিনতাই ও অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
























