পিলখানা ট্র্যাজেডির যথাযথ বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, পূর্ববর্তী তদন্ত কমিশনের দেওয়া সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং চলমান বিচারিক প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডকে শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্বের অন্যতম নৃশংসতম ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য কী ছিল, তা উদঘাটনে তৎকালীন সরকার তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল কখনোই জনসমক্ষে আনা হয়নি। অথচ এই ঘটনার মাধ্যমে মূলত আমাদের সেনাবাহিনীকেই দুর্বল করার একটি ষড়যন্ত্র করা হয়েছিল।”
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত জাতীয় তদন্ত কমিশনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, “নতুন করে আর কোনো তদন্ত কমিশন গঠন করার প্রয়োজন নেই। কারণ আগের কমিশন যোগ্য ব্যক্তিদের দিয়েই গঠিত হয়েছিল এবং তাদের রিপোর্ট আমাদের হাতে রয়েছে।” তিনি জানান, বর্তমান সরকার সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে।

শহীদ পরিবারের সদস্যদের আশ্বস্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন:
তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী বিচারাধীন মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে।
কমিশনের অন্যান্য সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
এর আগে মন্ত্রী রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা প্রাণ দিয়েছেন, তারা চিরস্মরণীয় হয়ে থাকবেন। যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারাই এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
ওএফএ/জেডএস



























