রাজশাহীতে প্রথম নারী ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়ে শ্রীলঙ্কা বড় স্কোরের আভাস দিয়েছিল। সোবহানা মোস্তারির ব্রেকথ্রুর পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৪৫ রানে ৬ উইকেট তুলে নেয় স্বাগতিকরা। তাতে ৫০ ওভারে ২০৫ রানে থামে শ্রীলঙ্কা।
অধিনায়ক হাসিনি পেরেরা ও ইমেশা দুলানির ৬৮ রানের ওপেনিং জুটি ভাঙে ১৪তম ওভারে। রিতু মনি তার পরের ওভারে দ্বিতীয় উইকেট তুলে নেন হার্ষিতা সামারাবিক্রমাকে ফিরিয়ে।
চার রানের ব্যবধানে দুটি উইকেট হারানোর পর ইমেশা ও হানসিমা করুণারত্নের ৫২ রানের জুটিতে প্রতিরোধ গড়ে লঙ্কানরা। ইমেশা ৫২ রান করে সুলতানা খাতুনের শিকার হন। হানসিমাও ফিফটি করে ৫৪ রানে থামেন সোবহানার বলে।
এরপর কাভিশা দিলহারি (৩০) ছাড়া আর কেউ বলার মতো রান করতে পারেননি। ডেথ ওভারে নাহিদা আক্তার দুটি উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন। ৩ উইকেটে ১৬০ রান করা দলটি ২০৫ রানে নবম উইকেট হারায়।
রাবেয়া খাতুন ৯ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট নিলেও তিনটি মেডেন দেন। মারুফা আক্তারের ইকোনমি রেট ছিল তিন। দুজনের মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি সর্বোচ্চ তিন উইকেট পান রিতু। দুটি নেন নাহিদা।
























