চ্যাটজিপিটির সাফল্যের পর এবার নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন তৈরির পথে হাঁটতে পারে ওপেনএআই। প্রযুক্তি বিশ্বে দীর্ঘ দিন ধরে প্রতিষ্ঠানটির স্মার্ট ইয়ারবাড আনার গুঞ্জন থাকলেও, সাম্প্রতিক বাজার বিশ্লেষণে নতুন করে উঠে এসেছে স্মার্টফোন তৈরির সম্ভাবনার কথা। তবে এ বিষয়ে ওপেনএআই কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
অ্যাপলের পণ্য সম্পর্কে নির্ভুল তথ্য দেওয়ার জন্য পরিচিত বিশ্লেষক মিং চি কুয়ো জানিয়েছেন, ওপেনএআইয়ের এই সম্ভাব্য স্মার্টফোনটি হবে প্রচলিত ফোনের চেয়ে আলাদা। এতে সাধারণ অ্যাপ ব্যবহারের পরিবর্তে প্রাধান্য পেতে পারে শক্তিশালী ‘এআই এজেন্ট’। ফোনটির প্রসেসর তৈরির দৌড়ে এগিয়ে আছে টেক জায়ান্ট মিডিয়াটেক ও কোয়ালকম। এছাড়া এর নকশা ও উৎপাদনের সহযোগী হিসেবে লাক্সশেয়ারের নাম শোনা যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, নিজস্ব হার্ডওয়্যার ও স্মার্টফোন ইকোসিস্টেম থাকলে কোনো ধরনের বাহ্যিক বাধা ছাড়াই প্রতিটি ফিচারে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) যুক্ত করতে পারবে ওপেনএআই। এতে ব্যবহারকারীর পছন্দ-অপছন্দ ও ব্যবহারের ধরন সম্পর্কে প্রতিষ্ঠানটি আরও সূক্ষ্ম ও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে সক্ষম হবে।
ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ অথবা ২০২৭ সালের শুরুর দিকে স্মার্টফোনটির কারিগরি দিক এবং যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর তালিকা চূড়ান্ত করবে ওপেনএআই। সব ঠিক থাকলে ২০২৮ সাল নাগাদ বড় পরিসরে ফোনটির বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে।
উল্লেখ্য, ওপেনএআইয়ের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার ক্রিস লেহেন বছরের শুরুতে ইঙ্গিত দিয়েছিলেন যে, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে তারা প্রথম কোনো প্রযুক্তিপণ্য উন্মোচন করতে পারে। তখন বিশ্লেষকরা সেটিকে ইয়ারবাড ভেবেছিলেন, তবে এখন স্মার্টফোন তৈরির সম্ভাবনাকে মোটেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


























