পাকিস্তানকে ঘরের মাটিতে প্রথমবার টেস্টে হারাল বাংলাদেশ দল। সিরিজের প্রথম টেস্টে মিরপুরে ভয়ডরহীন ক্রিকেট খেলেই জয় পেয়েছে স্বাগতিকরা। টেস্টের পাঁচ দিনই ধারাবাহিক পারফর্ম করেছে নাজমুল হোসেন শান্তর দল।
অতীতে কবে টানা ৫ দিন ধারাবাহিকভাবে এমন ভালো খেলেছে টাইগাররা? সেটা খুঁজতে গেলে হয়তো টাইম মেশিনে ফিরতে হবে। ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ কেবল প্রথমবার পাকিস্তানকে টেস্ট হারাল বিষয়টি এমনই না। লাল বলের ক্রিকেটে নিজেদের উন্নতির ছাপ আরও স্পষ্ট করেছে টাইগাররা।
কে ভেবেছিল পঞ্চম দিনের শেষ সেশনে বাংলাদেশ দল প্রতিপক্ষ পাকিস্তানের ৭ উইকেট তুলে নেবে। গতকাল মাঠে থাকা কয়েক হাজার দর্শক কিংবা কেউই কি ভেবেছিল এই টেস্ট এভাবে জিতে যাবে নাজমুল হোসেন শান্তরা। তবে বাস্তবে সেটি করে দেখিয়েছেন তাসকিন আহমেদ-নাহিদ রানারা।
অধিনায়ক শান্তও অবশ্য একক ক্রেডিট কাউকে দিতে চাননি। ড্রেসিংরুমে সকল ক্রিকেটার এবং কোচদের সামনেই তিনি জানিয়েছেন, ‘সবাই ভালো ক্রিকেট খেলেছি। আজকের ম্যাচটা জেতার পেছনে আমার মনে হয় যে ইন্ডিভিজ্যুয়াল কারো ক্রেডিট নাই। পুরা টিম হিসেবে খেলছি। স্পেশালি যারা যে চারজন খেলে নাই ওই চারজনসহ।’
পরে শান্ত আরও সেখানে বলেন, ‘এই ম্যাচটা জিতলাম। আমরাই কিন্তু করলাম। বাংলাদেশে কিন্তু এরকম কখনো হয় নাই যে এভাবে আমরা ডিক্লেয়ার করে ম্যাচ জিতছি। এটা কিন্তু একটা নতুন এক্সপেরিয়েন্স।’
বাংলাদেশ দলের এমন জয় স্পেশাল প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের কাছেও। এখন পর্যন্ত যে কয়টা টেস্ট ম্যাচ জিতেছি তার মধ্যে এটা একটু স্পেশাল। শেষ সেশন এভাবে ডমিনেট করে জেতাটা কিন্তু সহজ ছিল না। তো সেই হিসেবে দারুণ জয় বলব।’
প্রথম টেস্টে নাহিদ রানার বোলিং স্পেল নিয়ে চারদিকে প্রশংসার ফুলঝুরি ছুটছে। তবে রানার এমন পারফর্ম করা নিয়ে মোটেও অবাক হননি প্রধান নির্বাচক। তবে বাশার আলাদা করে বলেছেন তাসকিনের বোলিং নিয়ে, ‘তাসকিন কিন্তু দারুণ বোলিং করেছে দুই ইনিংসেই। যে কারণে রানার পাশাপাশি তাসকিনের প্রশংসাও করতে হবে।’
মিরপুর টেস্টে পাকিস্তানকে হারানোর পর অবশ্য দম ফেলার সময় থাকছে না বাংলাদেশের কাছে। কেননা আগামী শনিবার থেকে সিলেটের মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। অধিনায়ক শান্তও জানিয়েছিলেন দ্বিতীয় টেস্টেও নিজেদের প্রমাণের কথা।























