চট্টগ্রামে মহিলা আ.লীগের পাল্টা কমিটি

চট্টগ্রাম ব্যুরো,
হাসিনা মহিউদ্দিনের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন হতে না হতে আরেকটি পাল্টা কমিটি ঘোষণা করেছেন বিদ্রোহী নেত্রীরা।
পাল্টা কমিটিতে নমিতা আইচকে সভাপতি ও সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। সাবেক কাউন্সিলর রেহানা বেগম রানু ও বর্তমান কাউন্সিলর আনজুমানা আরা বেগমকে করা হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক। মর্জিনা আক্তার লুসি পেয়েছেন সাংগঠনিক সম্পাদকের পদ।
বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পাল্টা কমিটির ঘোষণা দেন গত কমিটির সিনিয়র সহ-সভাপতি নমিতা আইচ।
পাল্টা কমিটিতে তপতী সেনগুপ্তা, ফেরদৌসি নাজিম ও হাসিনা জাফরকে সহ-সভাপতি করা হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলনের কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরার উপস্থিতিতে গঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিনী হাসিনা মহিউদ্দিন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন আনজুমান আরা আনজি।
এ কমিটিকে ‘একতরফা কমিটি’ আখ্যায়িত করেন আগের সংগঠনের সাধারণ সম্পাদক তপতী সেনগুপ্তা ও অনুসারী নেত্রীরা। এ নিয়ে চরম অসন্তোষ দেখা দেয় সম্মেলন চলাকালেও।
তপতী সেনগুপ্তা এ সময় অভিযোগ করেন, সম্মেলনে তাদের পক্ষের নেত্রী ও কাউন্সিলরদের প্রবেশ করতে দেয়া হয়নি। প্রবেশের সময় পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা তাদের বাধা দেয়। এ নিয়ে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নেত্রীদের হাতাহাতি ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
নেত্রীরা জানান, দীর্ঘ ১৮ বছর আগে ১৯৯৫ সালে সর্বশেষ চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। এ সময় গঠিত কমিটিতে সভাপতি ছিলেন হাসিনা মহিউদ্দিন। তপতী সেনগুপ্তা এ কমিটির সাধারণ সম্পাদক হলেও হাসিনা মহিউদ্দিনের সাথে পরে বিরোধে জড়িয়ে পড়েন তিনি। আর তপতী সেনগুপ্তাকে ঘিরে অনুসারী নেত্রীরা পাল্টা কমিটি ঘোষণা করেন।























