নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ চালককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় মাদক বহনের অভিযোগে সংশ্লিষ্ট বাসটিও জব্দ করা হয়।
চেকপোস্টে তল্লাশি ও মাদক উদ্ধার
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে কাঁচপুর হাইওয়ে থানার একটি টহল দল ঢাকাগামী লেনের খান পাম্পের সামনে বিশেষ চেকপোস্ট বসায়।
এ সময় সন্দেহভাজন হিসেবে ‘Saintmartin AL Mizan’ পরিবহনের একটি বাস (যশোর-ব-১১-০২৫৩) থামিয়ে তল্লাশি চালান কাঁচপুর হাইওয়ে থানার এসআই (নিঃ) শফিউল আলমের নেতৃত্বাধীন পুলিশ সদস্যরা।
তল্লাশিকালে বাসের চালকের আসনের ডান পাশে থাকা একটি বক্সের ভেতর থেকে কালো ও লাল স্কচটেপে মোড়ানো একটি নীল রঙের এয়ারটাইট জিপার ব্যাগ উদ্ধার করা হয়। পরে সেটি খুলে ১০টি প্যাকেটে মোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
চালক গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা
মাদক পাচারের এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসের চালক মো. শরিফ হোসেনকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ইয়াবা ও মাদক বহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে। এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
























