গ্রিস থেকে বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে চার্টার্ড ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে দেশটির সরকার।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় নির্ধারিত এই প্রত্যাবাসন ফ্লাইটে রয়েছেন ২৭ বছর বয়সি এক বাংলাদেশি তরুণ। সামাজিক মাধ্যমে প্রকাশ করা তার একটি ভিডিওকে কেন্দ্র করে বিষয়টি আলোচনায় এসেছে।
গ্রিসের সংবাদমাধ্যম প্রোটো থেমা ইংলিশ গত ১০ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ওই তরুণ গত জুনে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, গ্রিসের নাফপ্লিও এলাকায় কাজের সুযোগ রয়েছে। এমনকি প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন সেখানে অবস্থান করলেও পুলিশি তল্লাশি কিংবা বহিষ্কারের আশঙ্কা নেই বলেও ভিডিওতে জানান তিনি।
বিষয়টি গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিসের নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই তরুণকে শনাক্ত করে। পরবর্তী সময়ে তার বসবাসের অনুমতি বাতিলের প্রক্রিয়া শুরু হয়। প্রতিবেদনে বলা হয়, তার তৃতীয় আশ্রয় আবেদনও প্রত্যাখ্যান করা হয়। এরপর প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এ সময় একটি বেসরকারি সংস্থার (এনজিও) আইনজীবীরা তার পক্ষে আইনি পদক্ষেপ নিয়েছিলেন।
গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস ১০ নভেম্বর সামাজিক মাধ্যম এক্সে- দেওয়া এক পোস্টে ৫০ জনকে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের নিয়ে বিশেষ চার্টার ফ্লাইটে ওই বাংলাদেশি তরুণকেও ফেরত পাঠানো হয়েছে।
মন্ত্রী তার পোস্টে দাবি করেন, ওই তরুণের কর্মকাণ্ড অভিবাসন-সংক্রান্ত অপরাধী চক্রকে সহায়তা করছিল। আইনি প্রক্রিয়ায় বিলম্ব হলেও শেষ পর্যন্ত প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
গ্রিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশটি থেকে মোট দুই হাজার ৬৩৮ বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল দুই হাজার ২০৭। অর্থাৎ প্রত্যাবাসনের হার বেড়েছে প্রায় ২০ শতাংশ। একই সময়ে জোরপূর্বক বহিষ্কারের সংখ্যা ৯১৫ থেকে বেড়ে এক হাজার ২৯২ হয়েছে, যা প্রায় ৪১ শতাংশ বৃদ্ধি।
বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের জন্য সতর্কবার্তা।
গ্রিসের এই ঘটনা বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ইউরোপে কাজের সুযোগ, সহজে বসবাসের অনুমতি কিংবা পুলিশি তল্লাশি হবে না, এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে সামাজিক মাধ্যমে প্রচার চালানো ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। যাচাই-বাছাই ছাড়া এসব তথ্য বিশ্বাস করে অনিয়মিত পথে বিদেশে যাত্রা করলে প্রতারণা, মানবপাচার, শোষণ, আটক এবং শেষ পর্যন্ত প্রত্যাবাসনের ঝুঁকি তৈরি হতে পারে।




















