জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, চার সদস্যের একটি পরিবারের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সামান্য সঞ্চয়ের সুযোগ রাখতে একজন শ্রমিকের মাসিক মজুরি ২৪ হাজার ২০৪ টাকা হওয়া উচিত।
রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে গতকাল ‘পোশাক খাতের ন্যায্য মজুরি: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে উপস্থাপিত মূল প্রবন্ধে এ প্রস্তাব তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। এ সময় সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং গবেষণা প্রধান তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
মূল প্রবন্ধে পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের ভিত্তিতে সম্ভাব্য মজুরির তিনটি স্তর উল্লেখ করা হয়। প্রথমত, বর্তমান মূল্যস্ফীতি বিবেচনায় নিলে ২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত সাড়ে ১২ হাজার টাকা মজুরি বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৩৫১ টাকায়। তবে এ অর্থে শ্রমিকদের জীবনযাত্রার মান বাড়বে না, শুধু ক্রয়ক্ষমতা বজায় থাকবে। দ্বিতীয়ত, চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে একজন উপার্জনকারীর মাসিক ১৮ হাজার ৫৭৮ টাকা মজুরি প্রয়োজন। তৃতীয়ত, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যাতায়াতসহ অন্যান্য প্রয়োজন মেটানোর পাশাপাশি জরুরি পরিস্থিতি ও সঞ্চয়ের জন্য সামান্য অর্থ রাখতে প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা। এ হিসাবের ভিত্তিতে সিপিডি মনে করে, ন্যূনতম মজুরি নির্ধারণের আলোচনার পরিসর হওয়া উচিত ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে।
গবেষণায় আরো বলা হয়েছে, মজুরি নির্ধারণে শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার ব্যয় এবং শিল্পের সক্ষমতা—দুই দিকই বিবেচনায় নেয়া প্রয়োজন। এজন্য শ্রমিকদের পরিবারের আকার, উপার্জনক্ষম সদস্যের সংখ্যা, খাদ্য ও খাদ্যবহির্ভূত ব্যয় এবং শিল্পের উৎপাদনশীলতা, রফতানি আয়, উৎপাদন ব্যয় ও মুনাফার তথ্যের ভিত্তিতে মজুরি নির্ধারণের পরামর্শ দিয়েছে সংস্থাটি। তবে তৈরি পোশাক খাতের শ্রমিকদের পরিবারের সদস্য সংখ্যা ও উপার্জনক্ষম সদস্যের বিষয়ে নির্ভরযোগ্য ও প্রতিনিধিত্বশীল জরিপ না থাকায় প্রকৃত চিত্র নির্ধারণে সীমাবদ্ধতা রয়েছে। বিভিন্ন গবেষণায় পরিবারের সদস্য সংখ্যা ৩ দশমিক ৬ থেকে ৪ দশমিক ২ এবং উপার্জনক্ষম সদস্যের সংখ্যা ১ দশমিক ৩৭ থেকে ২ দশমিক ১ পর্যন্ত পাওয়া গেছে। সিপিডি হিসাবের ক্ষেত্রে চার সদস্যের পরিবার ও ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী ধরেছে।
গবেষণায় বর্তমান মজুরি নির্ধারণ প্রক্রিয়ার দুর্বলতা তুলে ধরে বলা হয়, শ্রমিকদের দাবি ও মালিক পক্ষের পাল্টা প্রস্তাবের ভিত্তিতে মজুরি নির্ধারণের প্রচলিত পদ্ধতির পরিবর্তে তথ্য-উপাত্তনির্ভর প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রথমে শ্রমিক ও শিল্পের সক্ষমতা নিয়ে বিস্তৃত জরিপ করতে হবে। এরপর নির্ধারিত সূচকের ভিত্তিতে মজুরি হিসাব করে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা করতে হবে। মজুরি নির্ধারণের ভিত্তি, পদ্ধতি ও তথ্য প্রকাশের পাশাপাশি নিয়মিত পর্যালোচনার ব্যবস্থাও রাখতে হবে।
মিডিয়া ব্রিফিংয়ে ড. দেবপ্রিয় বলেন, ‘যদি সুশাসনের অভাব ও দুর্নীতি থাকে, তবে কি শ্রমিক তার মজুরি দিয়ে সেটির সমাধান করবে? এটি কোনো সমাধান হতে পারে না যে আমি শ্রমিককে তার ন্যায্য বেতন দেব না। মেহনতি মানুষের মজুরির মাধ্যমে আমরা আমাদের দুর্নীতির ভর্তুকি দেব? এ সমাজে তা চলতে পারে না।’
তিনি আরো বলেন, ‘নির্বাচন ও রাজনীতিতে অর্থ ব্যয় করে রাজনীতিবিদদের জয়ী করার পর তাদের কাছ থেকে সুশাসন ও দুর্নীতিমুক্ত অর্থনীতি নিশ্চিত করতে না পারা প্রভাবশালী ব্যবসায়ী ও নেতাদের বড় ধরনের ব্যর্থতা।
শ্রমিকদের মজুরি আন্দোলন প্রসঙ্গে এ অর্থনীতিবিদ বলেন, ‘অর্থনীতির চলমান সংকটের যথাযথ সমাধান না করায় শ্রম সম্পর্কের বিষয়টি প্রথমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা এবং পরে রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে। অথচ শ্রমিক ও মালিকের মধ্যকার সম্পর্ককে কোনোভাবেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনুঘটক হতে দেয়া উচিত হয়নি। একইভাবে সেটিকে রাজনৈতিক উত্তেজনায় রূপ দেয়া থেকে বিরত রাখার প্রয়োজনও ছিল।’
ড. দেবপ্রিয় বলেন, ‘শ্রমিকদের মজুরি নির্ধারণের উদ্যোগ সময়মতো না নেয়া রাজনৈতিক অবিবেচনার পরিচয়। সরকারি বেতন কাঠামো নির্ধারণের উদ্যোগ থাকলেও শ্রমিকদের মজুরির বিষয়টি যথাসময়ে সমাধান করা হয়নি।’ তবে মজুরি বৃদ্ধি ও শিল্পের কার্যক্রম একসঙ্গে চলতে পারে বলে মনে করেন তিনি। তার ভাষায়, ‘মজুরি হয়ে যাবে, শিল্পও চলবে। কিন্তু বাংলাদেশের যেসব সমস্যার কারণে আমরা এর আগে অপশাসন ও দুঃশাসন পেয়েছি, সেগুলোর যেন পুনরাবৃত্তি না হয়।’
সিপিডির সম্মাননীয় ফেলো বলেন, ‘দেশের অর্থনীতিতে একটা নিম্নচাপ আছে, এটা সত্য। উদ্যোক্তারা অসুবিধার মধ্যে আছেন, সেটাও সত্য। অর্থনীতিতে যে নিম্নচাপ চলছে, মেঘ-বৃষ্টি হচ্ছে—এটা সবাই জানেন। কিন্তু সরকারের আচরণ কিংবা সংসদের কার্যকলাপের মধ্যে এ পরিস্থিতি যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয় না।’ সরকার স্বচ্ছতার সঙ্গে সঠিক তথ্য প্রকাশ করে সংস্কারের উদ্যোগ নিলে অর্থনীতিতে চলমান নিম্নচাপ কিছুটা হলেও লঘুচাপে পরিণত হতে পারত বলে মনে করেন তিনি।





















