এর পাশাপাশি পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বৈশ্বিক বাজারে ভোজ্যতেলের দর বৃদ্ধি, আমদানি খরচ এবং দেশের সামগ্রিক সরবরাহ চিত্র খতিয়ে দেখে এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এসেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি নিয়ে পর্যালোচনাসভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
| লিটারপ্রতি আগের দাম | বর্তমান দাম |
| বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকা | ২০৭ টাকা |
| খোলা সয়াবিন তেল ১৮৫ টাকা | ১৮৮ টাকা |
বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের ভোজ্যতেলের মজুদ, বৈশ্বিক ও দেশীয় বাজারদর, এলসি (ঋণপত্র) খোলা এবং সার্বিক আমদানি পরিস্থিতি তুলে ধরে একটি প্রতিবেদন পেশ করে। ওই প্রতিবেদন এবং দেশ-বিদেশের বাজার বাস্তবতা বিশ্লেষণ করে সবার সম্মতিতে সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়।
আলোচনায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উল্লেখ করেন, এর আগে সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল।
অন্যদিকে, বাজারে ভোজ্যতেলের জোগান স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুদদারি এবং নির্ধারিত দামের বেশি মূল্যে তেল বিক্রির প্রবণতা রুখতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।





















