রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
প্রাথমিকভাবে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় তাকে সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল। তবে শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় ঝুঁকি এড়াতে দেশেই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
বিকেল ৩টার পর মির্জা আব্বাসকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সন্ধ্যার আগেই প্রথম দফার অস্ত্রোপচার শেষ হয়। এরপর শারীরিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সন্ধ্যার পর দ্বিতীয় দফায় আবারও তার অস্ত্রোপচার করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে।
এর আগে, জুমার নামাজের পর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান। সেখানে তিনি চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাকে বিস্তারিত ব্রিফ করা হয়।
মির্জা আব্বাসের চিকিৎসার জন্য দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে রয়েছেন:
অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সৈয়দ সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ এবং, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।



























