এর মধ্যেই অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকির খবর সামনে আসে। ঘটনার পর মুম্বাই পুলিশ তার বাসভবন ‘জলসা’র নিরাপত্তা জোরদার করে। ধারণা করা হচ্ছে, সেই সতর্কতার অংশ হিসেবেই এবার বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে ভক্তদের সঙ্গে দেখা করেন অভিনেতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কাচের ঘেরাটোপের ভেতরে দাঁড়িয়ে হাত নেড়ে অনুরাগীদের অভিবাদন জানাচ্ছেন অমিতাভ। তার পাশেই উপস্থিত অভিষেক।
বাবার নিরাপত্তা নিশ্চিত করতে ছেলের এমন উপস্থিতিও নজর কেড়েছে ভক্তদের।ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন অনুরাগীরা। একজন লিখেছেন, ‘আমাদের প্রার্থনা আপনার সঙ্গে রয়েছে স্যার। একেবারেই চিন্তা করবেন না।’ অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘এটা খুবই ভালো সিদ্ধান্ত।’ আবার কেউ লিখেছেন, ‘গোটা দেশ অমিতজিকে ভালোবাসে, তার নিরাপত্তার কোনও প্রয়োজন নেই।’
তবে সব মন্তব্যই যে আবেগঘন, তা নয়। কয়েকজন অভিষেককে নিয়েও মজা করেছেন। এক অনুরাগীর মন্তব্য, ‘যত বড় এবং সফল মানুষ, তত ভয়। অভিষেককে দেখুন, কী নিশ্চিন্তে দাঁড়িয়ে রয়েছেন!’
সব মিলিয়ে অমিতাভের এবারের রবিবারের সাক্ষাৎ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। দীর্ঘদিনের রীতি মেনে ভক্তদের সামনে হাজির হলেও নিরাপত্তার কারণে এবার তার সঙ্গে অনুরাগীদের মাঝে ছিল বুলেটপ্রুফ কাচের দেয়াল।