রাজধানীর মতিঝিলে অবস্থিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সোমবার সকালে তীব্র উত্তেজনা দেখা দেয়। ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের বিরুদ্ধে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচি পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করে দিয়েছে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এলেও কিছু সময়ের জন্য পুরো ব্যাংকপাড়ায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ব্যাংক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে ব্যাংকের সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন। কর্মসূচি শুরু হওয়ার পরপরই সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেয় এবং দ্রুত স্থান ত্যাগ করার নির্দেশ দেয়।
আয়োজকদের দাবি, তারা সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের প্রতিবাদে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির জন্য কোনো পূর্ব অনুমতি ছিল না।
সম্প্রতি ঈদের ছুটির ঠিক আগের শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। এরপর সেই রাতেই বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
হুট করে নেওয়া এই সিদ্ধান্তের পর থেকেই দেশের বিভিন্ন মহলে এবং বিভিন্ন স্থানে নতুন নিয়োগের বিরুদ্ধে অসন্তোষ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে মতিঝিলে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।
অনুমতিহীন এই কর্মসূচির কারণে সড়ক অবরুদ্ধ হওয়ার উপক্রম হলে পুলিশ অ্যাকশনে যায় এবং জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে জমায়েতটি ভেঙে দেয়।
এ বিষয়ে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, “অনুমতি না নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করা হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আমরা তাদের সরিয়ে দিয়েছি এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”





















