দেশের সব লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও নিয়োগের বৈধতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ জন্য কোম্পানিগুলোর সিইওদের হালনাগাদ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্র এবং নিয়োগ অনুমোদনের প্রমাণপত্র জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) আইডিআরএর পরিচালক (লাইফ) ও উপসচিব দেবপ্রসাদ পাল স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে দেশের সব লাইফ বীমা প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের এসব নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি লাইফ বীমা প্রতিষ্ঠানের বর্তমান মুখ্য নির্বাহী কর্মকর্তার হালনাগাদ জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। এর সঙ্গে তার সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের অনুলিপিও দিতে হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তা সিইও হিসেবে দায়িত্ব পালনের জন্য আইডিআরএর কাছ থেকে যে নিয়োগ অনুমোদন পেয়েছেন, তার সব প্রমাণপত্রও জমা দিতে বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, এসব নথি আগামী তিন কার্যদিবসের মধ্যে আইডিআরএর কাছে পাঠাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য ও নথি জমা দেওয়ার বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নথিপত্র জমা দেওয়ার পাশাপাশি নির্ধারিত গুগল ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে তা হালনাগাদ করার নির্দেশও দেওয়া হয়েছে। এর মাধ্যমে সিইওদের শিক্ষাগত ও পেশাগত তথ্য এবং নিয়োগসংক্রান্ত নথির একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
বীমা খাতসংশ্লিষ্ট সূত্রের মতে, সিইওদের নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত যথাযথভাবে পূরণ করা হয়েছে কি না, তা যাচাই করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ করে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্টদের যোগ্যতা ও অভিজ্ঞতা আইডিআরএর নির্ধারিত শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, নথিপত্র যাচাইয়ের মাধ্যমে তা নিশ্চিত করা হবে।
























