রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার দিক নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হন। এই চরিত্রেই অভিনয় করবেন মধুমিতা।
পশ্চিমবঙ্গের টেলিভিশন নাটকে বেশ পরিচিত মুখ মধুমিতা সরকার। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। চরিত্রটি তাকে বাংলাদেশেও পরিচিতি এনে দেয়। এর আগে বাংলাদেশের নাটকেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত ‘মেঘবালিকা’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। এবার ঢাকাই চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি।
উল্লেখ্য, প্রায় পাঁচ বছর আগে ‘গুলশানের চামেলি’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা ইকবাল। নানা কারণে এত দিন ছবিটির শুটিং শুরু করা সম্ভব হয়নি। অবশেষে সিনেমাটি নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এতে আরও অভিনয় করার কথা রয়েছে রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ ও মিশা সওদাগরের।

























