এক বছরের মধ্যে দুটি প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার পর পদত্যাগ করেছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। সম্প্রতি ঘটে যাওয়া এক দুর্ঘটনায় ৬৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষ আহত হওয়ার পর তিনি এই ঘোষণা দেন।
মাদ্রিদে আইনপ্রণেতাদের উদ্দেশে পুয়েন্তে বলেন, এই ভয়াবহ ট্র্যাজেডির পরপরই আমি আমার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। স্পেনের মতো একটি দেশে এক বছরেরও কম সময়ের মধ্যে দুটি এত বড় দুর্ঘটনা ঘটার পর একজন পরিবহনমন্ত্রী পদে বহাল থাকতে পারেন না। দুর্ঘটনা দুটির ধরন যতই ভিন্ন হোক বা এর পেছনে প্রত্যক্ষ দায় থাকুক বা না থাকুক।
কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটি ও মানবীয় ভুলের কারণেই মাদ্রিদ-আন্দালুসিয়া উচ্চগতির লাইনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিরাপত্তাজনিত সমস্যার কারণে ওই রুটের সব ট্রেন চলাচল বন্ধ থাকা সত্ত্বেও, স্পেনের জাতীয় রেল সংস্থার একটি দ্রুতগতির ট্রেন এসে লাইনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রেনকে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনার মাত্র ছয় দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিলেন পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। স্পেনের সাধারণ নির্বাচনের ঠিক তিন সপ্তাহ আগে পুয়েন্তের পদত্যাগের এই ঘোষণা এলো। নির্বাচনে তিনি প্রার্থী হবেন না বলেও জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী সানচেজ বিদায়ী মন্ত্রীর প্রশংসা করে বলেন, নিহতদের স্মৃতি এবং আমাদের প্রগতিশীল ভাবমূর্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাবেক পরিবহনমন্ত্রী সরে দাঁড়িয়েছেন।
কয়েকটি দুর্নীতি কেলেঙ্কারি, আবাসন খাতের সংকট এবং স্থানীয় নির্বাচনে নিজের সোশালিস্ট পার্টির ভরাডুবির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী সানচেজ এই আগাম নির্বাচনের ডাক দিয়েছেন।
দুর্ঘটনার পর অসংখ্য রাজনৈতিক নেতা এবং স্পেনের পরিবহন শ্রমিক ইউনিয়ন পুয়েন্তের পদত্যাগের দাবি জানায়। দুর্ঘটনার রাতেই পরিবহন মন্ত্রণালয়ের সদর দপ্তরের সামনে শত শত বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের অনেকের হাতেই স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগ দাবি করা ব্যানার-পোস্টার দেখা যায়।
গত সপ্তাহে দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করে পুয়েন্তে বলেছিলেন, সেখানে লাল সংকেত জ্বলছিল, যা ট্রেন চলাচলে স্পষ্ট নিষেধাজ্ঞা দেয়; তা সত্ত্বেও ট্রেনটিকে সামনে এগোনোর অনুমতি দেওয়া হয়েছিল। এটি একেবারেই অস্পষ্ট ও ব্যাখ্যাতীত একটি পরিস্থিতিতে নেওয়া সিদ্ধান্ত ছিল।
চলতি বছরের জানুয়ারিতেও আদামুজ শহরে দুটি উচ্চগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হন।
সূত্র: সিএনএন
























