দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা বাড়তে থাকায় সব জেলা রেজিস্ট্রারের কার্যালয় ও সাব-রেজিস্ট্রি অফিসের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নিবন্ধন অধিদপ্তর। বিশেষ করে অফিসের রেকর্ডরুমের নিরাপত্তা নিশ্চিত করা এবং নৈশপ্রহরীদের দায়িত্ব পালনের বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে দেশের সব জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, দেশের বর্তমান স্থিতিশীল পরিবেশ নষ্ট করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঢাকা সহ বিভিন্ন স্থানে হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ড বেড়েছে। দুষ্কৃতকারীরা বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি কার্যালয় লক্ষ্য করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের মতো ঘটনা ঘটাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর গভীর রাতে ফেনী জেলা সদর রেকর্ডরুমে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
নিবন্ধন অধিদপ্তর বলছে, প্রতিটি সাব-রেজিস্ট্রি অফিস ও জেলা রেকর্ডরুমে জনগণের গুরুত্বপূর্ণ ও মূল্যবান দলিলপত্র সংরক্ষিত থাকে। এসব নথির নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার পাশাপাশি জেলা রেজিস্ট্রারের কার্যালয় ও সাব-রেজিস্ট্রি অফিসের নৈশপ্রহরীদের দায়িত্ব পালনের বিষয়টি বিশেষভাবে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া সব অফিসে অগ্নিনির্বাপক যন্ত্র সচল ও ব্যবহারের উপযোগী রাখা এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
























