পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের কঠিন সময়ে কখনও পালিয়ে যাননি, ভবিষ্যতেও কোথাও যাবেন না। বরং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ব্যাখ্যা দিতে হবে— কে বা কারা ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থানের কথা বলছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
রিজওয়ানা হাসান বলেন, “আমরা চাই এই অন্তর্বর্তী সরকারের অধীনে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। সরকার নির্বাচন কমিশনকে সবধরনের সহায়তা করবে।”
তিনি আরও জানান, কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে কি না— তা তাদের নিজস্ব রাজনৈতিক ও আইনি সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেন যে, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং কেউ কেউ নিজেদের ‘সেফ এক্সিট’ নিশ্চিত করার চিন্তা করছেন। সেই বক্তব্যের প্রতিক্রিয়াতেই রিজওয়ানা হাসান আজ এই মন্তব্য করেন।



























