উত্তরের জেলা পঞ্চগড়ে জাঁকিয়ে বসেছে শীত। অগ্রহায়ণের শেষ দিকে এসে হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শীতের তীব্রতা ভোগান্তিতে ফেলেছে সাধারণ মানুষকে।
শনিবার (৬ ডিসেম্বর) ভোরে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে সীমান্তঘেঁষা উপজেলা তেঁতুলিয়ায়। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, এদিন সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। ভোরের দিকে তীব্র ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসার মতো পরিস্থিতির সৃষ্টি হয়।
আবহাওয়া অফিসের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে আটকে থাকলেও আজ তা আরও নিচে নেমেছে। এর আগে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রিতে নেমেছিল, যা ছিল ওই সময়ের সর্বনিম্ন রেকর্ড। এরপর বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা তিন দিন পারদ ১২ ডিগ্রিতেই স্থির ছিল।
শুক্রবার সকাল ৯টায়ও শীতের দাপট অব্যাহত ছিল, তখন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৯২ শতাংশ। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দিনের বেলাতেও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে। গত শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বেশ কয়েক দিন ১২ ডিগ্রিতে থাকার পর আজ তাপমাত্রা ১১ ডিগ্রিতে নেমে এসেছে। মাসের শুরুতেই আবহাওয়ার এমন পরিবর্তন সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।


























