বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড সের্জ নাব্রি চলতি মৌসুমে হয়তো আর খেলতে পারবেন না। এমনকি জার্মানির জার্সিতে তার বিশ্বকাপে খেলাও শঙ্কায় পড়েছে।
নাব্রির ডান ঊরুর অ্যাডাক্টর পেশি ছিঁড়ে গেছে। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে যাচ্ছেন তিনি। বায়ার্ন শনিবার এই খবর দিয়েছে। ক্লাব এর চেয়ে বেশি কিছু বলেনি। তার ইনজুরি কতটা গুরুতর এবং কবে মাঠে ফিরবেন, তা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ট্রেবল জয়ের মিশনে থাকা বায়ার্নের চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোতেও খেলতে পারবেন না বলে মনে হচ্ছে।
আজ (রোববার) রাতে স্টুটগার্টের বিপক্ষে হোম ম্যাচে না হারলে বুন্দেসলিগা শিরোপা চার ম্যাচ আগেই নিশ্চিত করে ফেলবে বায়ার্ন। তারপর বুধবার জার্মান কাপ সেমিফাইনালে বেয়ার লেভারকুসেনের মুখোমুখি হবে তারা। প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল।
গত সপ্তাহে বুন্দেসলিগায় গোলের রেকর্ড ভাঙে বায়ার্ন, যার মধ্যে আটটি গোল করেছেন নাব্রি, বানিয়ে দিয়েছেন সাতটি। জার্মানির হয়েও বিশ্বকাপ বাছাইয়ের প্রত্যেক ম্যাচে শুরু থেকে খেলেছেন তিনি। মার্চে দুটি প্রীতি ম্যাচেও তাকে ধেখা গেছে। জুলিয়েন নাগেলসমান যে তাকে বিশ্বকাপ পরিকল্পনায় রেখেছেন, সেটা না বললেও চলে। কিন্তু চোট ধাক্কা দিলো জার্মানিকে।






















