দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে আইপিএলের ২০২৫ আসর থেকে বিদায় নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এবার সেই আক্ষেপ দূর করার লক্ষ্য ছিল টুর্নামেন্টটির অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজির। কিন্তু হার্দিক পান্ডিয়ার দল এবার পুরোদমে খেই হারিয়েছে। এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে সাতটিতেই হেরে বসেছে তারা। বিপর্যস্ত এই পরিস্থিতিতে ‘মৌসুমটা কোনোভাবেই আর মুম্বাইয়ের পক্ষে নেই’ বলে কাতর কণ্ঠে জানালেন হার্দিক।
গতকাল (শনিবার) আইপিএলে চেন্নাই সুপার কিংসের মাঠ চিপকে আগে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স ১৫৯ রান তোলে। যা ৮ উইকেট এবং ১১ বল হাতে রেখে পেরিয়েছে চেন্নাই। বড় এই হারে মুম্বাই ১০ দলের মধ্যে ৯ নম্বরে অবস্থান করছে। এরপর অফিসিয়াল ব্রডকাস্টে দেওয়া প্রতিক্রিয়ায় হার্দিক পান্ডিয়া বলেন, ‘কেবল এই রাতটিই নয়, আমার মতে এই মৌসুমটা আর আমাদের নয়। তারা তুলনামূলক ভালো খেলেছে, ভালো বল করেছে। এমনকি ফিল্ডিং-ব্যাটিংয়েও আমাদের চেয়ে ভালো ছিল তারা।’
১০.৫ ওভারেই দলীয় একশ করা মুম্বাই শেষ পর্যন্ত কেবল ১৫৯ রান তুলতে সক্ষম হয়। যৌথভাবে সর্বোচ্চ ৫ বারের শিরোপাধারীরা পরের ১০ ওভারে মোমেন্টাম আর নিজেদের পক্ষে আনতে পারেনি বলে মনে করেন হার্দিক, ‘একপর্যায়ে আমরা ১৮০-১৯০ রানের দিকে তাকিয়ে ছিলাম। সেটা ভালো পুঁজি হতে পারত। এটি ঠিক যে ১০ ওভারের পর আমরা মোমেন্টাম ধরে রাখতে পারিনি, শেষটাও ভালো হয়নি আর। শুরুতেই সোজা গিয়ে শট খেলা সহজ ছিল না, তাদের ব্যাটসম্যানরাও থিতু হওয়ার পর বোলারদের ওপর ঠিকমতো চড়াও হতে পারছিল না। ব্যাপারটা ছিল হিসেবি ক্রিকেট খেলা এবং হাতে সঠিক উইকেটগুলো আছে কি না, তা নিশ্চিত করা।’
‘একইসঙ্গে ব্যাটসম্যানরা ঠিকঠাক বলের মোকাবিলা করতে পারছিল না, তবে তারাও বোলিং ভালো করেছে। আর হ্যাঁ সার্বিকভাবে বোলিং ইউনিট হিসেবে তারা ভালো ছিল এবং ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো ছিলাম না’, নিজেদের ব্যর্থতার কথা অকপটেই বললেন পান্ডিয়া। শেষ ৫৫ বলে ৪ উইকেট হারিয়ে কোনোমতে ৫৯ রান তুলতে সক্ষম হয় মুম্বাই।
চেন্নাইয়ের জন্য লক্ষ্য তাড়া করার কাজটা কঠিন করে তুলতে মুম্বাই বল হাতে আরও আক্রমণাত্মক হতে পারত কি না– সেই প্রশ্ন করা হয় হার্দিককে। জবাবে মুম্বাই অধিনায়ক বলেন, ‘আমরা কতটা আক্রমণাত্মক হতে পারতাম তা জানি না। আমার মনে হয়, তাদের অলআউট করতে হলে আমাদের কিছু আগুনে বল ছুঁড়তে হতো। আমাদের হাতে বোলিংয়ের যে বিকল্প ছিল, আমরা সেগুলো কাজে লাগাতে চেয়েছি, তবে ওরা (চেন্নাই) বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলেছে। ভালো খেলেছে তারা।’


















