সিঙ্গাপুরে দুটি প্রীতি মাচ খেলতে আজ (রোববার) সকালে দেশ ছেড়েছেন ঋতুপর্ণা-আফিদারা। আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিয়মিত কোচ পিটার বাটলার ক্যান্সার আক্রান্ত হওয়ায় তার পরিবর্তে ফরাসি কোচ এরিক মেয়ার দুই ম্যাচে বাংলাদেশের ডাগআউটের দায়িত্বে থাকবেন।
ঋতুপর্ণারা যখন সিঙ্গাপুরের পথে, তখন পুরুষ ফুটবল দলের নির্ভরযোগ্য খেলোয়াড় সাদ উদ্দিন ভারতের উদ্দেশে দেশ ছেড়েছেন। তিনি ভারতের মুম্বাইয়ে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য। এয়ার ইন্ডিয়ার সরাসরি ফ্লাইটে তিনি মুম্বাই যাচ্ছেন। সাদকে সহায়তা করার জন্য একই ফ্লাইটে যাচ্ছেন তার ভাই। জাতীয় দল ও মোহামেডানের কর্মকর্তা আমিরুল ইসলাম বাবু সাদের জন্য আজ এয়ারপোর্টে যাননি, যদিও ফেডারেশনের একজন স্টাফ ছিল।
শ্রীলঙ্কার বিপক্ষে সাফ টুর্নামেন্টের ম্যাচে সাদ গুরুতর আহত হন। এতটাই গুরুতর যে, ক্রাচে ভর দিয়ে হাঁটাচলা করতে হয়। কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন সেটা নিয়েও বড় শঙ্কা রয়েছে।
পাকিস্তানের বিপক্ষে সাফের সেমিফাইনাল ম্যাচ খেলার শুরুতে সাদ উদ্দিনের জার্সি প্রদর্শন করেছিলেন হামজারা। সাদ উদ্দিনের পাশে ফুটবল ফেডারেশন রয়েছে সর্বাত্মকভাবে। জাতীয় দল কমিটির পর নির্বাহী সভাতেও সাদ উদ্দিনের চিকিৎসার ব্যয়ভার নিয়ে আলাপ হয়েছে। সাদের চিকিৎসার পুরো খরচ ফেডারেশন থেকে বহনের সিদ্ধান্ত নিয়েছেন বাফুফে সভাপতি। ফিফা ক্লাব প্রটেকশন স্কিম থাকলেও বাফুফে আগে নিজেরাই এই খরচ বহন করছে।























