নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশি অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কামাল হোসেন (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। শনিবার (১৬ মে) রাতে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এই অভিযানটি পরিচালিত হয়। ১৬ মে রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে এএসআই মোঃ মনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ফতুল্লা মডেল থানাধীন দক্ষিণ শিয়াচর এলাকার মন্টু মল্লিকের বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালায়।
অভিযান চলাকালে ওই স্থান থেকে দক্ষিণ শিয়াচর এলাকার মৃত বিরাজের ছেলে মোঃ কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে তার ডান হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে নীল পলিথিনে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জব্দকৃত এই গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ধৃত আসামি কামাল হোসেনের বিরুদ্ধে আগে থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আরও ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
























