পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম করার ঘটনাকে কেন্দ্র করে রাতভর উত্তেজনা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়।
যুবদল নেতার ওপর হামলা
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পুটিকা বাজার এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানার ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাতভর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
হামলার খবর ছড়িয়ে পড়ার পর পূর্বধলার বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর জেরে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে:
-
বিশকাকুনী ইউনিয়নের বড়রুহি এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন দেওয়া হয়।
-
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্র দাবি করেছে।
-
আহমদ হোসেনের বড় ভাই আমজাদ হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
-
বাদে পুটিকা গ্রামের আওয়ামী লীগ নেতা আবুল বাশার খানের বাড়ি এবং বাট্টা গ্রামের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আমানুর রশিদ খান জুয়েলের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
রাজনৈতিক ও প্রশাসনিক বক্তব্য
আহমদ হোসেনের ভাতিজা মিজানুর রহমান অভিযোগ করেন, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁদের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
অন্যদিকে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন এবং ঘটনার খবর পেয়েছেন। অগ্নিসংযোগে কারা জড়িত, তা নিশ্চিত নন উল্লেখ করে তিনি জানান, দলের নেতা-কর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতা-কর্মী মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। পুলিশের টহল দেখে সরে যাওয়ার সময় পুটিকা বাজার এলাকায় যুবদল নেতা রানার ওপর হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানতে পেরেছে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত লোকজন বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগ করেন।
ওসি আরও জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


























