জায়নবাদী শাসকগোষ্ঠীর পতন ত্বরান্বিত করতে ইমাম খামেনির শাহাদাত ও তাঁর পবিত্র রক্তই প্রধান ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্টের শীর্ষ নেতা শেখ ইব্রাহিম জাকজাকি। তিনি এই ইহুদিবাদী শাসনকে একটি ‘ক্যান্সার’ হিসেবে অভিহিত করে বলেন, এই পবিত্র রক্ত একদিন তাদের সম্পূর্ণ গ্রাস করবে।
সম্প্রতি ‘ইন্না মা’আল সাবরি নাসরান’ (যার অর্থ: হৃদয়ের যে রক্ত হলো চুণি রত্ন) বইটির হাউসা ভাষার অনুবাদ উন্মোচন উপলক্ষে পাঠানো এক বিশেষ বাণীতে তিনি এই মন্তব্য করেন।
ইরান সরকারের মুখপাত্র ড. ফাতেমা মোহাজেরানির উপস্থিতিতে গত সোমবার বইটির হাউসা অনুবাদের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। দেশ-বিদেশের খ্যাতনামা বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে বইটির জার্মান এবং কাজাখ অনুবাদেরও মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল নাইজেরিয়ার নেতা শেখ ইব্রাহিম জাকজাকির একটি ধারণকৃত ভিডিও বার্তা। বার্তায় তিনি ইমাম খামেনির পারিবারিক ঐতিহ্য এবং তাঁর দীর্ঘ সংগ্রামের ইতিহাস অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেন। একই সাথে তিনি ইমাম খামেনিকে ইসলামী বিপ্লবের দূরদর্শী প্রতিষ্ঠাতা ইমাম খোমেনীর (রহ.) একজন প্রকৃত ও যোগ্য উত্তরসূরি হিসেবে উল্লেখ করেন।
শেখ জাকজাকি তাঁর বক্তব্যে আরও জানান, এই শহীদ নেতা দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে নানা শারীরিক আঘাত ও কষ্ট সহ্য করেছেন। কিন্তু কোনো প্রতিকূলতাই তাঁর পথ থামাতে পারেনি; বরং অত্যন্ত দৃঢ় সংকল্প এবং যুবসুলভ প্রাণোচ্ছ্বলতা নিয়ে তিনি ইসলামী উম্মাহর প্রতিরক্ষায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
ইমাম খামেনিকে জ্ঞান, সাহসিকতা, চিন্তা ও দূরদর্শী নেতৃত্বের ক্ষেত্রে এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেন শেখ জাকজাকি। তিনি জোর দিয়ে বলেন, এই শহীদের অনুসারীরা সবসময় তাঁর প্রদর্শিত আদর্শ ও পথ অনুসরণের ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।
বার্তার শেষ অংশে নাইজেরিয়ার এই ইসলামি নেতা বর্তমান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সত্যের লড়াইয়ে এক উজ্জ্বল ভবিষ্যতের আশা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান ইসলামী বিপ্লবের নেতা সাইয়্যেদ মুজতাবা খামেনির বলিষ্ঠ নেতৃত্বে বিশ্ব সাম্রাজ্যবাদের চূড়ান্ত পতন ঘটবে। একই সাথে, ইসলামী বিপ্লবের একক ও সর্বোচ্চ শক্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই আদর্শিক লড়াই অবিরামভাবে চলতে থাকবে।

























