আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরের কাছে একটি বেসরকারি উড়োজাহাজ পরিবহন প্রতিষ্ঠানের জ্বালানি তেলের ডিপোয় পাকিস্তানের হামলায় আগুন ধরে যায়
আফগানিস্তানের ৩টি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আজ বুধবার এ তথ্য জানিয়েছেন। এ হামলার মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলো, যা চলতি বছর ইতিমধ্যে কয়েক শ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ইসলামাবাদের এ হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাঁদের সবাই নারী ও শিশু। পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশের বেসামরিক লোকজনের ঘরবাড়িতে এ বোমা হামলা চালায়।
একসময়ের মিত্র কিন্তু বর্তমানে শত্রুভাবাপন্ন এই দুই দেশ গত ফেব্রুয়ারিতে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ে লিপ্ত হয়েছিল। পরে গত মার্চে চীন এ দ্বন্দ্বের অবসান ঘটাতে মধ্যস্থতার চেষ্টা করার পর দুই দেশ একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয়।
এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে তৎপরতা চালানো ‘সন্ত্রাসীদের’ আস্তানা ও অন্যান্য স্থাপনা লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়েছে।
ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানজুড়ে বিভিন্ন হামলার পরিকল্পনা করা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে কাবুল। তবে তালেবান এ অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, পাকিস্তানে সন্ত্রাসবাদের বিষয়টি দেশটির অভ্যন্তরীণ সমস্যা।
নতুন করে শুরু হওয়া এই সহিংসতা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দীর্ঘদিনের যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে। একসময়ের মিত্র কিন্তু বর্তমানে শত্রুভাবাপন্ন এই দুই দেশ গত ফেব্রুয়ারিতে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ে লিপ্ত হয়েছিল। পরে গত মার্চে চীন এ দ্বন্দ্বের অবসান ঘটাতে মধ্যস্থতার চেষ্টা করার পর দুই দেশ একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয়।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত চলাকালে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজোড়ে ক্ষতিগ্রস্ত হওয়া একটি মসজিদে স্থানীয়রা শুক্রবার নামাজ আদায়ের জন্য সমবেত হন।




















