অর্থ বাণিজ্য সংবাদ : বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের কর্পোরেট খাতে সুশাসন আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, আজ বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান এফসিএসের নেতৃত্বে আইসিএসবি-এর অফিস বেয়ারাররা সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে আইসিএসবি-এর প্রেসিডেন্ট বিএসইসি-এর চেয়ারম্যানের সঙ্গে আইসিএসবি প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং আইসিএসবি-এর সদস্যদের পেশাগত উন্নয়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করেন।
আইসিএসবির প্রতিনিধি দল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর কমিশনার হোসেন সাদাত এফসিএসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের পক্ষ থেকে আইসিএসবি-এর প্রেসিডেন্ট বিএসইসি-এর কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান।
বিএসইসির চেয়ারম্যান প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং কোম্পানি সেক্রেটারী পেশার উন্নয়নে আইসিএসবি-এর ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, বিএসইসি-এর বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের কর্পোরেট খাতে সুশাসন আরও শক্তিশালী হবে। তিনি আইসিএসবি-এর প্রতি তার সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস প্রদান করেন।
আইসিএসবি-এর প্রতিনিধিদল বিএসইসি চেয়ারম্যানকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, তার অব্যাহত সহযোগিতা ও দিকনির্দেশনা ইনস্টিটিউট-এর উত্তরোত্তর অগ্রগতির ক্ষেত্রে সহায়তা করবে।
সাক্ষাৎকালে আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম এফসিএস, ভাইস প্রেসিডেন্ট মোঃ শরীফ হাসান এফসিএস, ট্রেজারার মোঃ মিজানুর রহমান এফসিএস এবং সেক্রেটারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন।





















