দখলদার ইসরাইলের ২৬তম পার্লামেন্টে (নেসেট) শপথ নিতে যাচ্ছেন ১২০ জন সদস্য। তাদের মধ্যে ৪৬ জনই নতুন মুখ। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় ফিলিস্তিনের জেরুজালেমে পার্লামেন্টের শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
টাইমস অব ইসরাইল জানিয়েছে, নতুন পার্লামেন্টে নারী সদস্যের সংখ্যাও আগের তুলনায় বেড়েছে। থাকছেন ৩৩ জন নারী সদস্য। ২০২২ সালে শপথ নেওয়া ২৫তম পার্লামেন্টে নারী সদস্য ছিলেন ২৯ জন। নতুন সদস্যদের মধ্যে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির ২১টি আসনের ১৫টিতেই নতুন মুখ আসছেন।
নতুন পার্লামেন্টের সবচেয়ে বয়স্ক সদস্য লিকুদ পার্টির হাইম কাটজ। আগামী মাসে তার বয়স ৭৯ বছর হবে। অন্যদিকে সবচেয়ে কম বয়সী সদস্য হচ্ছেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বিয়াখাদ পার্টির ইয়োনাতান শালেভ। তার বয়স ২৪ বছর। এর মধ্য দিয়ে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী পার্লামেন্ট সদস্য হতে যাচ্ছেন তিনি। ১৯৫৯ সাল থেকে অক্ষত থাকা মোশে নিসিমের রেকর্ড ভাঙবেন শালেভ।
নেসেটের সবচেয়ে দীর্ঘ সময়ের সদস্য হচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৮৮ সালে প্রথম নির্বাচিত হওয়ার পর সব মিলিয়ে ৩৫ বছর পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন গণহত্যার দায়ে দণ্ডিত নেতানিয়াহু।
নতুন সদস্যদের মধ্যে আলোচিত নামগুলোর একজন বিয়াখাদ পার্টির নোয়াম তিবন। তিনি ইসরাইলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার দিন নিজের ছেলে, হারেৎজ পত্রিকার সাংবাদিক আমির তিবন এবং তার পরিবারকে উদ্ধারে একাই অভিযানে বের হয়েছিলেন তিনি। ওই সময় তারা গাজা সীমান্তের কাছে নাহাল ওজ কিবুতজে আটকা পড়েছিলেন।
এ ছাড়া লিকুদ পার্টির এলিশা মাদানও নতুন সদস্য হিসেবে পার্লামেন্টে যোগ দিচ্ছেন। তিনি ইসরাইলি সেনাবাহিনীর একজন রিজার্ভ সদস্য। ২০২৪ সালে গাজায় যুদ্ধের সময় এক বিস্ফোরণে তিনি দুই পা হারান।
ইসরায়েল বেইতেনু পার্টির নতুন সদস্য শ্যারন শারাবির পারিবারিক অভিজ্ঞতাও আলোচনায় এসেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় তার ভাই ইয়োসি শারাবিকে অপহরণ করা হয় এবং পরে বন্দিদশায় তার মৃত্যু হয়। তার আরেক ভাই এলি শারাবি প্রায় ৫০০ দিন গাজায় বন্দি ছিলেন। এ সময় তার স্ত্রী ও দুই মেয়েকে বেরি কিবুতজে হত্যা করা হয়েছিল।
ইয়াশার পার্টির শিরা শাপিরোও নতুন সদস্যদের একজন। তিনি ইসরাইলি সেনাবাহিনীর কর্মকর্তা আনার শাপিরোর মা। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার সময় একটি সড়কের পাশের বোমা আশ্রয়কেন্দ্রে অবস্থান করে একাধিক গ্রেনেড প্রতিহত করেছিলেন আনার। পরে তিনি নিহত হন।
তবে নতুন সদস্যদের মধ্যে বিতর্কিত ব্যক্তিও রয়েছেন। তাদের একজন লিকুদ পার্টির জ্যাকব বারদুগো। তিনি দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সমর্থক, ডানপন্থী রেডিও উপস্থাপক এবং সরকারপন্থী চ্যানেল ১৪-এর ভাষ্যকার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি লিকুদ পার্টির কয়েকজন সংসদ সদস্য তার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগও তুলেছিলেন।
আরেক বিতর্কিত নতুন সদস্য উতজমা ইয়েহুদিত পার্টির চানামেল ডরফম্যান। তিনি দলটির প্রধান ইতামার বেন গভিরের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী। বসতি স্থাপনকারী তরুণদের উগ্রপন্থী গোষ্ঠী ‘হিলটপ ইয়ুথ’-এর সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অতীতে তাকে নিয়ে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত একাধিকবার তদন্ত করেছে। এ ছাড়া পশ্চিম তীরে প্রবেশে বাধা দিতে ইসরাইলি সেনাবাহিনী তার বিরুদ্ধে প্রশাসনিক নিষেধাজ্ঞাও জারি করেছিল।


























