বন্ড সুবিধায় ইয়ার্ন আমদানিতে বিধিনিষেধ আরোপ নিয়ে তৈরি পোশাক রপ্তানিকারক ও স্থানীয় সুতা উৎপাদনকারীদের মধ্যে বিরোধ নিরসনে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সমস্যা সমাধানে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটিকে আগামী ২০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে তৈরি পোশাক রপ্তানিকারক ও স্থানীয় টেক্সটাইল মিল মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে উপস্থিত সূত্র জানিয়েছে, কমিটির সুপারিশ পর্যালোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, উভয় পক্ষের বক্তব্য শোনার পর সমস্যা সমাধানে একটি প্রতিবেদন তৈরি করে ২০ নভেম্বরের মধ্যে জমা দিতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তৈরি পোশাকশিল্পের অন্যতম প্রধান কাঁচামাল ইয়ার্ন বা সুতা। বিশেষ করে নিট পোশাক উৎপাদনে ব্যবহৃত এই সুতার উল্লেখযোগ্য অংশ বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করেন রপ্তানিকারকরা।
স্থানীয় স্পিনিং মিল মালিকদের অভিযোগ, একই ধরনের সুতা দেশে উৎপাদিত হলেও আমদানি খরচ তুলনামূলক কম হওয়ায় পোশাক প্রস্তুতকারকরা স্থানীয় মিল থেকে সুতা না কিনে বিদেশ থেকে আমদানি করতে আগ্রহী হচ্ছেন। এ ছাড়া বন্ড সুবিধায় আমদানি করা সব সুতা রপ্তানিমুখী পোশাক তৈরিতে ব্যবহার না করে স্থানীয় বাজারে বিক্রির অভিযোগও রয়েছে। এতে দেশীয় সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ছে বলে দাবি তাদের।
এ পরিস্থিতিতে গত সেপ্টেম্বরের শুরুতে বন্ড সুবিধায় ইয়ার্ন আমদানির ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করে সরকার। নতুন নিয়মে শুল্কমুক্ত আমদানির পরিবর্তে আমদানি করা সুতার মূল্যের সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার বাধ্যবাধকতা চালু করা হয়।
নিয়ম অনুযায়ী, আমদানি করা সুতা দিয়ে পোশাক তৈরি করে রপ্তানি সম্পন্ন করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং রপ্তানি আয় দেশে আসার প্রমাণ পাওয়া গেলে ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা হবে।
সরকারের এ সিদ্ধান্তের পর থেকেই তৈরি পোশাক রপ্তানিকারক ও স্পিনিং মিল মালিকদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। সোমবারের বৈঠকেও দুই পক্ষ নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে।
পোশাক রপ্তানিকারকদের অভিযোগ, নতুন বিধিনিষেধ কার্যকর হওয়ার পর স্থানীয় স্পিনিং মিলগুলো প্রতি কেজি সুতার দাম আগের তুলনায় প্রায় ৭ থেকে ১০ শতাংশ বাড়িয়ে দিয়েছে। এতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগের কারখানাগুলোর উৎপাদন ব্যয় বেড়েছে এবং রপ্তানি প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।
তবে রপ্তানিকারকদের এ অভিযোগ অস্বীকার করেছেন স্পিনিং মিল মালিকদের প্রতিনিধিরা। তাদের দাবি, সুতার দাম বাড়ানোর অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেননি পোশাক প্রস্তুতকারকরা। পাশাপাশি দেশে নির্দিষ্ট কিছু ধরনের সুতার দাম তুলনামূলক বেশি হওয়ার কারণও ব্যাখ্যা করেন তারা।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে তুলার দাম প্রতি কেজিতে ২৪ সেন্ট বেড়েছে। এর প্রভাবেই সুতার দাম কিছুটা বেড়েছে। তবে এ ছাড়া অন্য কোনো কারণে দাম বাড়ানো হয়নি। রপ্তানিকারকরাও তাদের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি বলে দাবি করেন তিনি।
ওই কর্মকর্তা আরও জানান, বৈঠকে আলোচনা অব্যাহত রাখার পাশাপাশি বর্তমানে চালু থাকা আমদানি ব্যবস্থাই বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান স্থানীয় ও আমদানি করা সুতার দামের পার্থক্য তুলে ধরেন।
তিনি জানান, চট্টগ্রাম বন্দর থেকে খালাস পর্যন্ত প্রতি কেজি সুতা আমদানিতে চীন থেকে খরচ পড়ছে ৩ দশমিক ৩২ ডলার এবং ভারত থেকে ৩ দশমিক ৩০ ডলার। বিপরীতে স্থানীয় স্পিনিং মিল থেকে একই সুতা কিনতে প্রতি কেজিতে ৩ দশমিক ৮৫ ডলার ব্যয় করতে হচ্ছে।
এত বেশি দামে সুতা কিনে আন্তর্জাতিক বাজারে রপ্তানি প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন উল্লেখ করে ফজলে শামীম এহসান বলেন, রপ্তানিকারকরা প্রতিযোগিতায় টিকে থাকতে না পারলে স্থানীয় সুতা উৎপাদনকারীরাও দীর্ঘমেয়াদে লাভবান হতে পারবেন না।

























