দেশে রাসায়নিক সারের মজুত গত বছরের একই সময়ের তুলনায় ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন বেড়েছে। বর্তমানে দেশে মোট ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টন সার মজুত রয়েছে। আসন্ন রবি মৌসুমে কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার সরবরাহ এবং কৃত্রিম সংকট প্রতিরোধে মাঠ প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সারের প্রকৃত চাহিদা নিরূপণ, পর্যাপ্ত মজুত বজায় রাখা এবং সুষ্ঠু বিতরণে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে সারের মোট মজুত ছিল ১৩ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। চলতি অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশে সব ধরনের সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৫ হাজার মেট্রিক টন। অর্থবছরের শুরু থেকে গত ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ১৯ লাখ ৫০ হাজার ৫০০ মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে।
এর মধ্যে ইউরিয়া ৮ লাখ ৭৪ হাজার ৩০০ মেট্রিক টন, টিএসপি ২ লাখ ৭৫ হাজার ৩০০ মেট্রিক টন, ডিএপি ৪ লাখ ৬৩ হাজার মেট্রিক টন এবং এমওপি ৩ লাখ ৩৭ হাজার ৯০০ মেট্রিক টন বিতরণ করা হয়েছে। এ ছাড়া নভেম্বর মাসে কৃষকদের চাহিদা পূরণে ৭ লাখ ১৪ হাজার ২০০ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে।
সারের চাহিদা ও মজুত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, চলতি মৌসুমে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের প্রকৃত চাহিদা নিরূপণ এবং বরাদ্দ অনুযায়ী সার উত্তোলন নিশ্চিত করা। আগের চাহিদা, বরাদ্দ ও মজুতের তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য ঘাটতিপ্রবণ উপজেলাগুলো চিহ্নিত করতে বলা হয়েছে।
পাশাপাশি আসন্ন রবি মৌসুমের প্রকৃত চাহিদা বিবেচনায় নিয়ে আগাম মজুত ও সরবরাহ পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ের তথ্য যাচাই করে উপপরিচালকদের যথাসময়ে চাহিদার প্রতিবেদন পাঠাতে হবে। কোনো অবস্থাতেই অতিরিক্ত কিংবা কম চাহিদা দেখিয়ে তথ্য পাঠানো যাবে না।
সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে ডিলারদের দোকানে সরকার নির্ধারিত বিক্রয়মূল্য ও মজুতের তথ্য দৃশ্যমান স্থানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দাম আদায় এবং সীমান্ত দিয়ে সার পাচার বন্ধে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বলা হয়েছে।
প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষক কার্ড ও কৃষকদের তালিকা ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে শিল্পকারখানায় কৃষি সারের অপব্যবহার বন্ধে নজরদারি বাড়ানোর নির্দেশনা রয়েছে।
জেলা ও উপজেলা সার মনিটরিং কমিটির নিয়মিত সভা আয়োজন এবং গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে সারের মজুত ও বিক্রির প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। সার ব্যবস্থাপনায় কোনো সমস্যা বা সীমাবদ্ধতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানাতে হবে।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আবদুর রহিম বলেন, আসন্ন রবি মৌসুমে কৃষকদের কাছে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মাঠ প্রশাসন অত্যন্ত তৎপর রয়েছে। গত বছরের তুলনায় এবার সারের মজুত পরিস্থিতি সন্তোষজনক। বর্তমানে পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে।
তিনি বলেন, কৃষকদের মধ্যে বিভ্রান্তি কিংবা কৃত্রিম সংকটের আশঙ্কা দূর করতে অধিদপ্তরের উপপরিচালক ও মাঠপর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন। কৃষকদের প্রয়োজনের অতিরিক্ত সার কিনে বাড়িতে মজুত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সব কৃষকই প্রয়োজনীয় সার পাবেন। কোনো ডিলার যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন এবং প্রকৃত কৃষকরা যাতে সময়মতো সার পান, সে জন্য কঠোর নজরদারি করা হচ্ছে।
আবদুর রহিম আরও বলেন, সারাদেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে ১৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা সরকারের পরিকল্পনা বাস্তবায়ন এবং মাঠ প্রশাসনের কার্যক্রম সমন্বয় করবেন।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেন, আসন্ন রবি মৌসুমে কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। গত বছরের তুলনায় এবার সারের মজুত পরিস্থিতি সন্তোষজনক এবং দেশে পর্যাপ্ত সার রয়েছে।
তিনি বলেন, কৃষকদের নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কঠোর নজরদারি করছে। কৃত্রিম সংকট তৈরি করে কোনোভাবেই কৃষকদের হয়রানি করা যাবে না। এ বিষয়ে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
কৃষি সচিব আরও বলেন, কঠোর মনিটরিংয়ের ফলে এবারও আমনের বাম্পার ফলন হয়েছে। দেশের উত্তরাঞ্চল খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হওয়ায় রবি মৌসুমে সার সরবরাহ নির্বিঘ্ন রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের ২৬টি জেলায় কৃষি মন্ত্রণালয়ের ২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সার ব্যবস্থাপনা মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা, সময়মতো সার উত্তোলন এবং সমন্বিত উদ্যোগের ফলে আসন্ন রবি মৌসুমে দেশে সারের কোনো ঘাটতি হবে না। কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার সময়মতো পাবেন।























