আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আইনমন্ত্রী বলেন, ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করলে পলাতক আসামির আর আপিল করার সুযোগ থাকে না। তাই শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে আইনি প্রক্রিয়া মেনেই ফিরতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিবিসির একটি প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন ভারত কী সিদ্ধান্ত নেবে, সেটি দেশটির নিজস্ব বিষয়।
তিনি আরও বলেন, শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশে ফিরবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত আনার বিষয়টি একটি আইনগত প্রক্রিয়া।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ট্রাইব্যুনালের রায়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ এবং রাজধানীর চানখাঁরপুল ও আশুলিয়ায় আন্দোলনকারীদের হত্যার ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দায়ী করা হয়। পাশাপাশি তাদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে নেওয়ার নির্দেশও দেওয়া হয়।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আপিলের জন্য ৩০ দিন সময় নির্ধারিত ছিল। তবে ওই সময়ের মধ্যে শেখ হাসিনা আপিল করেননি। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। ফলে আইনে নির্ধারিত আপিলের সময়সীমা ইতোমধ্যে পার হয়ে গেছে।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ এর ২১ ধারায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে। এ ধারার উপধারা (১) অনুযায়ী, ট্রাইব্যুনালে দণ্ডিত কোনো ব্যক্তি তার দণ্ড ও দোষী সাব্যস্ত হওয়ার আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারেন। তবে উপধারা (৩) অনুসারে, দণ্ডাদেশ, খালাসের আদেশ বা সাজা ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। এই সময় পার হলে আর আপিলের সুযোগ থাকে না। ২০১৩ সালের সংশোধনীর মাধ্যমে ধারাটির বর্তমান বিধান যুক্ত করা হয়।

























