মামলাটি করেছে জিএডি ফুন্দো দি ইনভেস্তিমেন্তো এম দিরেইতোস ক্রেদিতোরিওস নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান।
ধর্মীয় জীবনযাপন নিয়ে স্ত্রীর সঙ্গে দূরত্ব
আর্থিক সংকটের মধ্যেই ব্যক্তিজীবনে বড় ধাক্কা খেয়েছেন আলভেস। ১৪ নভেম্বর স্প্যানিশ মডেল জোয়ানা সানজের সঙ্গে তার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। ২০১৭ সালে বিয়ে করেছিলেন তারা। ৯ বছরের সংসারে তাদের একটি কন্যাসন্তানও আছে।
ইন্সটাগ্রামে এক অনুসারী জোয়ানাকে প্রশ্ন করেছিলেন, তিনি স্বামীর সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে যান কি না। উত্তরে জোয়ানা লেখেন, ‘আমি (ধর্মে) বিশ্বাসী নই। সে যা করছে, যত বেশি দেখছি, ধর্মের প্রতি আমার দূরত্ব তত বাড়ছে। একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, আমরা বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছি। ঠিক এই কারণেই।’
আলভেসের ধর্মীয় কর্মকাণ্ডই তাদের দূরত্বের অন্যতম কারণ। কারাগার থেকে বের হওয়ার পর ধর্মীয় কাজে বেশি মনোযোগী হয়ে ওঠেন সাবেক এই ফুটবলার। বিভিন্ন দেশে ধর্মীয় অনুষ্ঠানে প্রচারক ও বক্তা হিসেবে অংশ নিচ্ছেন তিনি। এতে দীর্ঘ সময় স্ত্রী ও মেয়ের কাছ থেকে দূরে থাকতে হচ্ছে তাকে।
কারাগার থেকে মুক্তি, এরপর নতুন জীবন
আলভেসের জীবনে ঝড় শুরু হয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে। বার্সেলোনার একটি নৈশ ক্লাবে যৌন নিপীড়নের অভিযোগে ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন তিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাকে চার বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে ২০২৫ সালের ২৮ মার্চ কাতালোনিয়ার উচ্চ আদালত সেই দণ্ড বাতিল করে তাকে খালাস দেন। ফলে ওই মামলায় তাকে বর্তমানে দণ্ডিত বলা যাবে না।
একসময় বার্সেলোনার হয়ে লিওনেল মেসির সঙ্গে খেলেছেন, জিতেছেন একের পর এক শিরোপা। ব্রাজিলের হয়ে জিতেছেন কোপা আমেরিকা, ফিফা কনফেডারেশনস কাপ, অলিম্পিকে স্বর্ণপদক। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপাজয়ী খেলোয়াড়দের একজন হিসেবেও পরিচিত তিনি।
কিন্তু সেই বর্ণাঢ্য ক্যারিয়ারের পর এখন সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার মুখোমুখি আলভেস। একদিকে প্রায় ১৭ কোটি টাকার দেনার দাবি ঘিরে সম্পত্তি ও গাড়ি অবরুদ্ধ, অন্যদিকে দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্কে ভাঙন। সব মিলিয়ে জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে তার।

























