নেত্রকোণার দুর্গাপুরের সেতু নির্মাণের উদ্যোগে বড় অগ্রগতি এসেছে। গত ১৮ নভেম্বর একনেক সভায় দুর্গাপুরের ৪টিসহ নির্বাচনী এলাকায় মোট ৯টি সেতু অনুমোদন পেয়েছে। ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের প্রচেষ্টায় এই অনুমোদন মেলে।
উন্নয়ন প্রকল্প প্রস্তাবের তালিকা অনুযায়ী দুর্গাপুরের ৪টি সেতুর মোট দৈর্ঘ্য ১ হাজার ৭০ মিটার। এসব সেতু নির্মিত হলে নদী ও প্রত্যন্ত এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসেবায় ভোগান্তি কমবে।
দুর্গাপুরে প্রস্তাবিত ৪টি সেতুর অবস্থান
গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদ অফিস-ঝানজাইল ভায়া শংকরপুর বাজার সড়কের ৯ হাজার ৯০০ মিটার চেইনেজে কংশ নদীর ওপর ২৫০ মিটার দৈর্ঘ্যের ওয়াই ব্রিজ নির্মাণের প্রস্তাব রয়েছে। এটি দুর্গাপুর, পূর্বধলা ও ধোবাউড়াকে যুক্ত করবে।
এছাড়া দুর্গাপুর জিসি-কুমুদগঞ্জ জিসি সড়কের ৫ হাজার ৪০০ মিটার চেইনেজে সোমেশ্বরী নদীর ওপর ৪৫০ মিটার দৈর্ঘ্যের ওয়াই ব্রিজ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। শিবগঞ্জ বাজার-গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদ অফিস সড়কের ২ হাজার মিটার চেইনেজে বিরিশিরি-চৈতাটি ঘাট এলাকায় সোমেশ্বরী নদীর ওপর ২৫০ মিটার দৈর্ঘ্যের ওয়াই ব্রিজ নির্মাণের প্রস্তাব রয়েছে।
অন্যদিকে ঝানজাইল-মাদুরপাড় সড়কের ১ হাজার ১০০ মিটার চেইনেজে কাকরিয়া নদীর ওপর ১২০ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে। এতে দুর্গাপুর থেকে নেত্রকোণার সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু হবে।
অর্থনীতি ও পর্যটনে নতুন সম্ভাবনা
নতুন সেতুগুলো নির্মাণ হলে দুর্গাপুরের স্থানীয় অর্থনীতি ও পর্যটনে ইতিবাচক প্রভাব পড়বে। সোমেশ্বরী নদী, সাদা মাটির পাহাড় ও বিজয়পুরে প্রতি বছর অনেক পর্যটক আসেন। ফলে যোগাযোগ সহজ হলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের ভোগান্তিও কমবে।
কৃষকরা সহজে ফসল বাজারজাত করতে পারবেন। এর ফলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং শিক্ষার্থী ও রোগীদের চলাচলে সময় বাঁচবে। তবে প্রয়োজনীয় কাজ শেষে দ্রুত নির্মাণকাজ শুরু হলে উন্নয়নের নতুন পথ খুলবে, আর দেরি হলে ফসল নষ্ট হওয়ার ঝুঁকি থেকে যাবে।























