স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার বহাল রাখার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারে একমত হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
গত ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের (টিফা) আওতায় অনুষ্ঠিত পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অন্যদিকে অস্ট্রেলিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের (ডিএফএটি) অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রুস সোয়ার।
অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়াতে তৈরি পোশাক ও বস্ত্র, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, প্লাস্টিক, হালকা প্রকৌশল, স্বাস্থ্যসেবা প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের উৎপাদন সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ। এসব খাতে অস্ট্রেলিয়ার ব্যবসায়ী ও আমদানিকারকদের আগ্রহ বাড়ানো এবং দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের তাজা আম রপ্তানির অনুমোদন এবং বাংলাদেশে অস্ট্রেলিয়ার হিমায়িত গরুর মাংস রপ্তানির বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। বাংলাদেশের পক্ষ থেকে আম রপ্তানির অনুমোদন পেতে চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানানো হয়। এ ক্ষেত্রে দুই দেশের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে।
এ ছাড়া আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাওয়া হয়।
বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। এ লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদনশিল্প ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকারের দেওয়া সুযোগ-সুবিধা ও প্রণোদনার বিষয়েও অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলকে অবহিত করা হয়।
দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার, পণ্যভিত্তিক বাণিজ্য ও সোর্সিং সেমিনার আয়োজন এবং দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়ের প্রস্তাবও আলোচনায় উঠে আসে। পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে সরাসরি বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সুদৃঢ় করতে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট (টিফা) চুক্তি সই হয়। এ চুক্তির আওতায় অনুষ্ঠিত পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠককে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল, বহুমুখী ও সুসংহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

























