তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজন ও ন্যায্য প্রত্যাশা বিবেচনায় নিয়েই নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।
তিনি জানান, ২০২৩ সালে সর্বশেষ মজুরি বৃদ্ধির পর তিন বছরের ব্যবধানে গ্রেডভেদে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্ধিত মূল মজুরির পাশাপাশি শ্রমিকরা প্রাপ্য ওভারটাইম ও বোনাসও পাবেন। ফলে তাঁদের মাসিক মোট আয় আরও বাড়বে।
আজ দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, বরং নৈতিক ও সম্মিলিত দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
মাহ্দী আমিন জানান, এই দায়িত্ববোধ থেকেই তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজন ও ন্যায্য প্রত্যাশার পাশাপাশি বর্তমান মূল্যস্ফীতি, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নেওয়া হয়েছে।
ফেসবুক পোস্টে নতুন মজুরি কাঠামোর বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং রপ্তানি সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি। শ্রমিকদের কল্যাণ ও শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক। শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্প খাত দীর্ঘ মেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও উন্নত সুযোগ নিশ্চিত করতে পারে।
তিনি আরও বলেন, শিল্পের সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় থাকলে কর্মসংস্থান, বিনিয়োগ এবং রপ্তানি প্রবৃদ্ধিও সুরক্ষিত থাকবে।
শ্রমিকদের ন্যায্য মজুরি, মালিকপক্ষের সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখাই সরকারের লক্ষ্য বলে জানান মাহ্দী আমিন। তাঁর ভাষ্য, শ্রমিকদের মুখে স্বস্তি, কর্মক্ষেত্রে মর্যাদা এবং শিল্পের টেকসই অগ্রগতির মধ্য দিয়েই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।
নতুন মজুরি কাঠামো নির্ধারণে মজুরি বোর্ড, শ্রমিক ও মালিকপক্ষকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে শ্রমিক-মালিকদের পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এ ছাড়া অপপ্রচার, উসকানি বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে নিজ নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

























