বলিউড পরিচালক সুরাজ বরজাতিয়া জানিয়েছেন, ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ সিনেমার শুটিংয়ের সময় ধৈর্য হারিয়ে তিনি অভিষেক বচ্চন ও কারিনা কাপুর খানের দিকে মাইক ছুড়ে মেরেছিলেন।
সাধারণত শান্ত ও নম্র স্বভাবের পরিচালক হিসেবে পরিচিত সুরাজ বরজাতিয়া। তবে একসময় রাগের মাথায় বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও কারিনা কাপুর খানের দিকে মাইক ছুড়ে মেরেছিলেন তিনি। সম্প্রতি সিদ্ধার্থ কান্নারের পডকাস্টে ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ সিনেমার শুটিংয়ের স্মৃতিচারণ করতে গিয়ে পরিচালক নিজেই এই ঘটনার কথা জানিয়েছেন।
সুরাজ জানান, অভিষেক ও কারিনা দুজনই খুব ভালো মানুষ এবং তিনি তাদের পছন্দ করেন। তবে শুটিং সেটে তারা দুজনই অনেক দুষ্টুমি করতেন। তারা সেটে উপস্থিত থাকলে সুরাজের আর রিহার্সাল করার সুযোগ থাকত না। অভিষেক খুব রসিক মানুষ ছিলেন, যে কারণে তিনি পরিচালকের অন্যতম পছন্দের একজন ছিলেন। তবে সেই সময় সিনেমার কাজ নিয়ে সুরাজ বেশ দুশ্চিন্তায় ছিলেন, ঠিকমতো ঘুম হতো না এবং হাতে সময়ও ছিল কম। একদিন অভিষেক ও কারিনা তার সঙ্গে মজা করতে থাকলে তিনি ধৈর্য হারিয়ে ফেলেন এবং একপর্যায়ে তাদের দিকে মাইক ছুড়ে মারেন।
২০০৩ সালে মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি সিনেমা ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ পরিচালনা করেন সুরাজ বরজাতিয়া। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন হৃতিক রোশন, কারিনা কাপুর খান ও অভিষেক বচ্চন। সিনেমার গল্প সঞ্জনা নামের এক তরুণীকে ঘিরে। হৃতিক অভিনীত প্রেম কিষেন মাথুর ও অভিষেক অভিনীত প্রেম কুমার; দুজনের সঙ্গে পরিচয়ের পর বদলে যায় তার জীবন। তারকাবহুল অভিনয়শিল্পী থাকলেও সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পায় এবং বক্স অফিসেও প্রত্যাশিত সাফল্য পায়নি।
এদিকে, সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমায় আবারও একসঙ্গে দেখা যাবে অভিষেক ও কারিনাকে। এতে শাহরুখ খানের বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন অভিষেক। অন্যদিকে, কারিনাকে শাহরুখের সঙ্গে একটি গানে ইতোমধ্যে দেখা গেছে। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।






















